২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পর্যটন শিল্পে আরও বাংলাদেশী শ্রমিক নেওয়ার আগ্রহ মালদ্বীপের

মালদ্বীপের বর্ধিষ্ণু পর্যটন শিল্পের জন্য বাংলাদেশ থেকে আরো দক্ষ ও স্বল্প-দক্ষ শ্রমিক নেওয়ার আগ্রহ দেখিয়েছে দেশটি। শুক্রবার শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরীর সঙ্গে এক বৈঠকে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ শহীদ এ আগ্রহের কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2008, 02:25 PM

Updated : 26 Aug 2022, 02:11 PM

ঢাকা, আগস্ট ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মালদ্বীপের বর্ধিষ্ণু পর্যটন শিল্পের জন্য বাংলাদেশ থেকে আরো দক্ষ ও স্বল্প-দক্ষ শ্রমিক নেওয়ার আগ্রহ দেখিয়েছে দেশটি। শুক্রবার শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরীর সঙ্গে এক বৈঠকে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ শহীদ এ আগ্রহের কথা জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পঞ্চদশ সার্ক শীর্ষ সম্মেলনকে সামনে রেখে মন্ত্রিপর্যায়ের বৈঠক উপলক্ষে তারা কলম্বোয় অবস্থান করছেন। দুদিনের এই বৈঠক শুক্রবার শেষ হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে আবদুল্লাহ শহীদ মালদ্বীপের অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশী শ্রমিকদের অবদানের প্রশংসা করেন এবং বাংলাদেশ থেকে আরো দক্ষ ও স্বল্প দক্ষ শ্রমিক নেওয়ার আগ্রহের কথা জানান। ইফতেখার আহমদ তাকে জানান, বাংলাদেশে ৩৭টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রতি বছর প্রায় ৪৯ হাজার শ্রমিক প্রশিক্ষণ পাচ্ছে। তাদের মধ্য থেকেই শ্রমিক চাহিদা পূরণ করতে পারে মালদ্বীপ । ভারত মহাসাগরের এই দ্বীপদেশটিতে বর্তমানে প্রায় ৪০ হাজার বাংলাদেশী রয়েছেন। মালদ্বীপের অর্থনীতি মূলত সামুদ্রিক মাছ ও পর্যটন শিল্পের ওপর নির্ভরশীল। পররাষ্ট্র উপদেষ্টা নেপালের অর্থমন্ত্রী ড. রাম সরন মহতের সঙ্গেও বৈঠক করেন। তাদের মধ্যে আন্তঃবাণিজ্যসহ বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/জেকে/এমএইচবি/১৯৪৬ ঘ.