ঢাকা, আগস্ট ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চার সিটি করপোরেশন ও নয় পৌরসভা নির্বাচনকে সামনে রেখে শনিবার মধ্যরাতের পর আর প্রচারণা চালানো যাবে না। এছাড়া নির্বাচনী এলাকাগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য শুক্রবার থেকে মাঠে নামছে পুলিশ, র্যাব, এপিবিএন সদস্যদের নিয়ে গঠিত বিশেষ বাহিনী।
স্থানীয় সরকার নির্বাচন বিধিমালা অনুযায়ী, ভোটগ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগে থেকে নির্বাচনী এলাকায় কোনো মিছিল, সভা-সমাবেশ বা প্রচার চালানো যাবে না। সেই হিসাবে, আগামী সোমবার নির্বাচনকে সামনে রেখে শনিবার মধ্যরাতে নির্বাচনী প্রচারণা বন্ধ করতে হবে। জরুরি ক্ষমতার শিথিল অবস্থার কার্যকরিতাও থাকবে ওই সময় পর্যন্তই।
নির্বাচনী প্রচারের সুবিধার্থে গত ২০ জুন জরুরি ক্ষমতা বিধিমালার কিছু বিধি শিথিল করার বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। গত ১৪ জুলাই থেকে বিষয়টি কার্যকর হয়।
এদিকে নির্বাচনী এলাকাগুলোতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য শুক্রবার থেকেই মঠে নামছে বিশেষ বাহিনী।
নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন বুধবার জানান, খুলনা, রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন ও ৯টি পৌরসভা এলাকায় ১ আগস্ট থেকে এক সপ্তাহের জন্য বিশেষ ফোর্স মোতায়েন হচ্ছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই ফোর্সে পুলিশ, র্যাব, এপিবিএন-এর সদস্যরা দায়িত্ব পালন করবে। ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলোতে বিশেষ সতর্কতা অবলম্বন করা হবে।
নিরাপত্তার স্বার্থে সরকার ইতোমধ্যে শনিবার মধ্যরাত থেকে মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত সংশ্লিষ্ট এলাকাগুলোতে সকল প্রকার আগ্নেয়াস্ত্র বহন (আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া) নিষিদ্ধ করেছে।
এছাড়া নির্বাচনী এলাকাগুলোতে অবৈধ অস্ত্র উদ্ধার ও পলাতক আসামীদের গ্রেপ্তারে অভিযান জোরদার করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/জিএনএ/১৮৫৫ ঘ.
bdnews24