২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটিশ মন্ত্রীকে স্থানীয় সরকার বিষয়ে জানালেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ বলেছেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার জন্য 'স্থানীয় সরকার কমিশন' গঠনের প্রক্রিয়া চলছে। এই কমিশনের কাজ হবে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করার বিষয়ে পরামর্শ ও তথ্য যোগান দেওয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2008, 02:42 PM

Updated : 26 Aug 2022, 02:11 PM

ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ বলেছেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার জন্য 'স্থানীয় সরকার কমিশন' গঠনের প্রক্রিয়া চলছে। এই কমিশনের কাজ হবে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করার বিষয়ে পরামর্শ ও তথ্য যোগান দেওয়া। ব্রিটিশ স্থানীয়-সরকার মন্ত্রী হ্যাজেল ব্লেয়ার্স বৃহস্পতিবার বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে গেলে তিনি এ কথা বলেন। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনয়েম সাংবাদিকদের এ ব্যাপারে বিস্তারিত জানান। ব্রিটিশ মন্ত্রী প্রধান উপদেষ্টাকে বলেন, ব্রিটেনেও স্থানীয় সরকার কমিশন রয়েছে। বাংলাদেশ এ কমিশন গঠন করলে দু'দেশের মধ্যে এ বিষয়ে একসঙ্গে কাজ করার সুযোগ তৈরি হবে। হ্যাজেল ব্লেয়ার্স বলেন, বাংলাদেশ ক্ষুদ্র ঋণে ব্যাপক সাফল্য অর্জন করেছে। এতে নারীর ক্ষমতায়নের সুযোগ তৈরি হয়েছে। অল্প সময়ের ভেতরে ভোটার তালিকার কাজ সম্পন্ন করায় বাংলাদেশের প্রশংসা করেন তিনি। বৈশ্বিক উষ্ণায়ন মোকাবেলায় ব্রিটিশ সরকারের পক্ষ থেকে সাহায্যেরও আশ্বাস দেন ব্লেয়ার্স। প্রধান উপদেষ্টা ব্রিটিশ মন্ত্রীকে বলেন, কমিউনিটির ক্ষমতায়ন সরকারের একটি গুরুত্বপূর্ণ নীতি। যুক্তরাজ্যের বাজারে আরো বেশি বাংলাদেশী পণ্যের প্রবেশাধিকার দেওয়ার অনুরোধ জানিয়ে ফখরুদ্দীন আহমদ বলেন, এতে বাংলাদেশে দারিদ্র বিমোচনে গতি আসবে। সন্ত্রাস দমনে বাংলাদেশের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, ইতোমধ্যে সন্ত্রাস দমন অধ্যাদেশ প্রবর্তন করা হয়েছে। বাংলাদেশ সন্ত্রাসীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে। বৈশ্বিক উষ্ণায়ন মোকাবেলার জন্য ব্রিটিশ সরকারের কাছে দীর্ঘমেয়াদি সহায়তা চান তিনি। হ্যাজেল ব্লেয়ার্স বৃহস্পতিবার দুই দিনের সফরে ঢাকায় পৌঁছান। শুক্রবার তার সিলেট যাওয়ার কথা রয়েছে। যুক্তরাজ্য সরকার ২০০৫ সালে ডিপার্টমেন্ট অব কমিউনিটি এন্ড লোকাল গভর্নমেন্ট মন্ত্রণালয় গঠন করে। এ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কোনো মন্ত্রী এই প্রথম বাংলাদেশ সফর করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি/জিএমএ/জেকে/এমএইচবি/১৯২২ ঘ.