বাগেরহাট, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের ফকিরহাটে বুধবার ভোরে এক বাড়িতে ডাকাতি করে পালানোর সময় অস্ত্র ও গুলিসহ রুহুল গাজী নামে (৩৫) একজন জনতার হাতে ধরা পড়েছে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
ডাকাতদের হামলায় বাবুল অধিকারী (২৪) নামে কমিউনিটি পুলিশিং কমিটির এক সদস্য আহত হন। তাকে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল কবির চৌধুরী জানান, ফকিরহাট উপজেলার পিলজংগ গ্রামের টিপু কাজীর বাড়িতে ১২ থেকে ১৪ জনের সশস্ত্র ডাকাত দল দরজা ভেঙে প্রবেশ করে। তারা নগদসহ প্রায় ২৫ হাজার টাকার মালামাল লুট করে।
ওসি জানান, ডাকাতরা চলে যাওয়ার সময় বাড়ির লোকজন চিৎকার শুরু করলে এলাকার লোকজন ধাওয়া করে রুহুল গাজীকে একটি এলজি ও একটি গুলিসহ ধরে ফেলে। এ সময় ডাকাদের হামলায় আহত হন বাবুল অধিকারী।
আটক ডাকাত রুহুল গাজীর বাড়ি বাগেরহাটের মংলা উপজেলার উলুবুনিয়া গ্রামে।
এ ব্যাপারে ফকিরহাট থানার উপ-পরিদর্শক হাফিজুর রহমান ও বাড়ির গৃহকর্তা টিপু কাজী বাদী হয়ে দু'টি মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৭০০ ঘ.
bdnews24