সিরাজগঞ্জ, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান ও এর মাধ্য দিয়ে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা প্রদানের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ।
বুধবার সিরাজগঞ্জের শাহজাদপুরে স্থানীয় সংলাপে প্রধান অতিথির ভাষণে তিনি একথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, "যে লক্ষ্য নিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম, আশা করছি, তা পূরণ হবে। নির্বাচন শুধু সুষ্ঠুই হবে না, বরং তা দৃষ্টান্ত হয়ে থাকবে। গণতন্ত্রের মানোন্নয়ন হবে, সুশাসন প্রতিষ্ঠিত হবে।"
গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠানে সরকারের আন্তরিকতার কথা তুলে ধরে তিনি বলেন, "তত্ত্বাবধায়ক সরকার চায় দুটি প্রধান দলই স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশ নিক। এ জন্য আমাদের সদিচ্ছার কোনও ঘাটতি নেই।"
যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন, "গত ৩৭ বছর ধরে বিভিন্ন ধরনের সরকার এসেছে, কিন্তু কেউই বিচারের বিষয়ে কিছুই করেনি। আমরা অল্প সময়ের সরকার, বিচার পুরোপুরি করতে না পারলেও পরবর্তী যে কোনও সরকার যাতে সহজেই যুদ্ধাপরাধীদের বিচার করতে পারে; তার উপযুক্ত পরিবেশ ও ক্ষেত্র তৈরি করে যাবো। যুদ্ধাপরাধীরা নির্বাচনে আসুক- এটা এ সরকারেরও কাম্য নয়।"
দুর্নীতি ও কালো টাকার প্রভাবমুক্ত নির্বাচনী সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানিয়ে ফখরুদ্দীন আহমদ বলেন, "ভোট হলো প্রত্যেকটি মানুষের একটি একটি অস্ত্র। আর এই অস্ত্র দিয়েই স্বাধীন দেশের নাগরিকের সর্বোচ্চ অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। দুর্নীতি ও কালোটাকার প্রভাব থেকে বেরিয়ে এসে নির্বাচনী অপ সংস্কৃতির গুণগত পরিবর্তন আনতে হবে।"
তিনি বলেন, "জনগণের অংশগ্রহণ, সরকার ও নির্বাচন কমিশনের প্রচেষ্টায় ছবিসহ ভোটার তালিকা তৈরি করা হয়েছে। পৃথিবীতে আর কোনও দেশ এত বেশি ভোটারকে ছবিসহ নিবন্ধিত করতে পারেনি।"
ফখরুদ্দীন আহমদ বলেন, "নির্বাচন কমিশন নির্বাচনের বিভিন্ন আইন প্রণয়ন করেছে। স্থানীয় সরকার নির্বাচনের যে আইন প্রণয়ন করা হয়েছে, সে অনুযায়ী আগামী আগস্ট মাসে চার সিটি ও নয় পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।"
ঢাকার বাইরে সংলাপের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, "গণতন্ত্র বিকাশের অন্যতম শর্ত হল নির্বাচন অনুষ্ঠান। তবে এটিই একমাত্র শর্ত নয়। আর সংলাপের একটি উদ্দেশ্য হল নির্বাচন পরবর্তী সময়ে দেশবাসীর আশা আকাক্সক্ষাকে প্রতিষ্ঠা করা। আমরা শুধু ঢাকায় বসে সংলাপ করতে চাইনি। আপনাদের কাছে এসে আলোচনা করছি। ঢাকায় এবং ঢাকার বাইরে খোলামনে সংলাপ করছি।"
শাহজাদপুরে বিশ্বকবি রবিঠাকুরের স্মৃতি বিজরিত রবীন্দ্রকাচারী বাড়ি মিলনায়তনে অনুষ্ঠিত ওই সংলাপে জেলা ও উপজেলা পর্যায়ের শিক্ষক, মুক্তিযোদ্ধা, সমাজকর্মী, রাজনৈতিক কর্মী, সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।
আইন ও সংসদ বিষয়ক উপদেষ্টা এএফ হাসান আরিফ, যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের, স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল এবং শিক্ষা উপদেষ্টা হোসেন জিল্লুর রহমানও সংলাপে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন হোসেন জিল্লুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১৫৫৯ ঘ.
bdnews24