২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মান্নান ভূঁইয়া, শামসুল, মোশাররফ, পিন্টুসহ নয়জনের জামিন

বিএনপির সাবেক মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া, স্থায়ী কমিটির সদস্য এম শামসুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনসহ নয়জনকে বিভিন্ন মামলায় সোমবার জামিন দিয়েছে হাইকোর্ট। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2008, 08:03 AM

Updated : 26 Aug 2022, 02:10 PM

ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির সাবেক মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া, স্থায়ী কমিটির সদস্য এম শামসুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনসহ নয়জনকে বিভিন্ন মামলায় সোমবার জামিন দিয়েছে হাইকোর্ট। অন্য জামিনপ্রাপ্তরা হলেন, বিএনপির সাবেক সাংসদ নাসিরউদ্দিন আহমেদ পিন্টু, বিএনপি নেতা প্রয়াত আকবর হোসেনের ছেলে ইসমাইল হোসেন সায়মন, বিএনপির সাবেক সাংসদ মো. শাহজাহান, শহীদউদ্দিন চৌধুরী অ্যানি এবং ইলিয়াস আলী ও তার স্ত্রী তাহসিনা রুশদীন। গ্যাটকো দুর্নীতি মামলায় মান্নান ভূঁইয়া, শামসুল ইসলাম ও ইসমাইল হোসেন সায়মন দুই মাসের জামিন পেয়েছেন। তাদের বিরুদ্ধে মামলাটির কার্যক্রম একই সময় পর্যন্ত স্থগিতও করেছে আদালত। এ তিনজনের বিরুদ্ধে মামলার কার্যক্রম কেন বাতিল করা হবে না- আগামী চার সপ্তাহের মধ্যে তা সরকারকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। মান্নান ভূঁইয়া, শামসুল ইসলাম ও সায়মনের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি শরীফ উদ্দিন চাকলাদার ও বিচারপতি মো. ইমাদুল হক আজাদের বেঞ্চ এ নির্দেশ দেয়। হাইকোর্টের আদেশের পর মান্নান ভূঁইয়া ও শামসুল ইসলামের আইনজীবী ব্যারিস্টার ফাহিমউল হক সাংবাদিকদের বলেন, "তাদের বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় কারাগার থেকে মুক্তি পেতে কোনো বাধা নেই।" অন্যদিকে, দুর্নীতি দমন কমিশনের আইনজীবী আনিসুল হক সাংবাদিকদের বলেন, "দুদকের সাধারণ নীতি হচ্ছে হাইকোর্ট কাউকে জামিন দিলে এর বিরুদ্ধে আপিল করতে হবে। সে অনুযায়ী আজকের আদেশের বিরুদ্ধেও আপিল করা হবে। বিষয়টি নিয়ে কমিশনের সঙ্গে আলোচনা করা হবে।" গ্যাটকো মামলায় মান্নান ভূঁইয়া ও শামসুল ইসলাম গত ১৮ মে ঢাকার মহানগর বিশেষ জজ আদালতে আত্মসমর্পণের পর বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগেই গ্রেপ্তার হন ইসমাইল হোসেন সায়মন। এদিকে, দুর্নীতির দুটি মামলায় বিচারপতি শরীফ উদ্দিন চাকলাদার ও বিচারপতি মো. ইমদাদুল হক আজাদের বেঞ্চ আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে দু'মাসের জামিন দেয়। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা দুটি করা হয়। তার বিরুদ্ধে মামলার কার্যক্রম দুই মাসের জন্য স্থগিতও করেছে আদালত। এছাড়া, মামলা দুটি কেন বাতিল করা হবে না- চার সপ্তাহের মধ্যে তা জানাতে সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে। মোশাররফের আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, আর কোনো মামলা না থাকায় তার মুক্তিতেও কোনো বাধা নেই। গত বছর ২৫ নভেম্বর দুদক ইঞ্জিনিয়ার মোশাররফের বিরুদ্ধে ৩ কোটি ৮ লক্ষ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলা করে। এর আগে ২২ নভেম্বর তার বিরুদ্ধে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগ এনে আরেকটি মামলা করে কমিশন। গত বছরের ২৫ ফেব্র"য়ারি গ্রেপ্তার হন ইঞ্জিনিয়ার মোশাররফ। হাইকোর্টের একই বেঞ্চ সোমবার বিএনপির সাবেক সাংসদ নাসিরউদ্দিন আহমেদ পিন্টুকে ত্রাণের টিন আত্মসাত মামলায় দুই মাসের জামিন দেয়। ২০০৭ সালের ১৫ ফেব্র"য়ারি আদালতে আত্মসমর্পণের পর থেকে কারাগারে আছেন পিন্টু। বিচারপতি শরীফ উদ্দিন চাকলাদের নেতৃত্বের হাইকোর্টের বেঞ্চটি বিএনপির সাবেক সাংসদ মো. শাহজাহানকে গাড়ি সংক্রান্ত দুর্নীতির মামলায় জামিন দিয়েছে। একই বেঞ্চ বিএনপির আরেক সাবেক সাংসদ ইলিয়াস আলী ও তার স্ত্রী তাহসিনা রুশদীনকে অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশ রিপোর্ট দাখিল না করা পর্যন্ত আগাম জামিন দেয়। এছাড়া, ছাত্রদলের সাবেক সভাপতি শহীদউদ্দিন চৌধুরী অ্যানিকে একটি চাঁদাবাজির মামলায় পুলিশ রিপোর্ট দাখিল না করা পর্যন্ত আগাম জামিন দেয় এ বেঞ্চ। ইলিয়াস আলী, তার স্ত্রী ও অ্যানি হাইকোর্টে আত্মসমর্পণ করে আগাম জামিন চাইলে আদালত তা মঞ্জুর করে। তাদের কেন স্থায়ী আগাম জামিন দেওয়া হবে না- তা জানাতে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এদিকে, আপিল বিভাগের চেম্বার জজ এম এ মতিন ব্যবসায়ী এম হাশেমের জামিন বহাল রেখেছেন। তবে দুর্নীতির মামলায় ডেমরার সাবেক সাংসদ সালাউদ্দিন আহমদকে দেওয়া হাইকোর্টের জামিন স্থগিত করেন চেম্বার জজ। এম এ হাশেম ও সালাউদ্দিনের জামিন স্থগিতের জন্য সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার তিনি এ আদেশ দেন। এছাড়া, অবৈধ সম্পদ অর্জনে সহযোগিতার অভিযোগে বিএনপি নেতা তরিকুল ইসলামের স্ত্রী নারগিস বেগম, বড় ছেলে শান্তনু ইসলাম, পুত্রবধূ লামিয়া শারমিন ও ছোট ছেলে অনিন্দ্য ইসলামের বিরুদ্ধে করা মামলার কার্যক্রম বাতিল করে দিয়েছে বিচারপতি এম এ রশিদ ও বিচারপতি আশফাকুল ইসলামের বেঞ্চ। একই বেঞ্চ বিএনপি নেতা রেদোয়ান আহমেদের স্ত্রী মোমতাজ আহমেদ এবং সিলভার সেলিমের স্ত্রী আমেনা বেগম ও ছেলে মেহেদী হাসানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনে সহযোগিতার অভিযোগে করা মামলার কার্যক্রমও বাতিল করে দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/এসকে/২০৩৭ঘ.