২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে 'চরমপন্থী' নিহত

সিংড়া উপজেলার কাকিয়ান গ্রামে শনিবার গভীর রাতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আনছার আলী (৫০) নামে 'চরমপন্থী দলের' একজন সদস্য নিহত হয়েছেন। কথিত এই বন্দুকযুদ্ধে সিংড়া থানার উপ-পরিদর্শক প্রদ্যুত কর আহত হয়েছেন বলে পুলিশ দাবি করেছে। তবে নিহত আনছার চরমপন্থী কোন দলের সদস্য সেটা পুলিশ জানায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2008, 03:45 PM

Updated : 26 Aug 2022, 02:10 PM

নাটোর, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিংড়া উপজেলার কাকিয়ান গ্রামে শনিবার গভীর রাতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আনছার আলী (৫০) নামে 'চরমপন্থী দলের' একজন সদস্য নিহত হয়েছেন। কথিত এই বন্দুকযুদ্ধে সিংড়া থানার উপ-পরিদর্শক প্রদ্যুত কর আহত হয়েছেন বলে পুলিশ দাবি করেছে। তবে নিহত আনছার চরমপন্থী কোন দলের সদস্য সেটা পুলিশ জানায়নি। রোববার নাটোর পুলিশের বিশেষ গোয়েন্দা শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাত ২টার দিকে সিংড়া থানা পুলিশের একটি টহল দল বামিহালের কাকিয়ান নামক স্থানে পৌঁছালে 'চরমপন্থী' একটি দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। পুলিশও পাল্টা গুলি চালায়। দুপক্ষের মধ্যে ৪০ মিনিট গোলাগুলি হয়। সংঘর্ষের এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটতে বাধ্য হয়। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ আনছার আলীকে উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় সিংড়া উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান তার মৃত্যু হয়েছে। ঘটনার সময় থানার উপ-পরিদর্শক প্রদ্যুত কর আহত হয়েছেন। তাকে সিংড়া উপজেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। নিহত আনছার আলী সিংড়া উপজেলার বামিহাল গ্রামের রজব আলীর ছেলে। তার বিরুদ্ধে বামিহাল পুলিশ ক্যাম্প লুট ও স্থানীয় মান্নান ও হাশেম খুনের মামলা রয়েছে। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কার সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘটনাস্থল থেকে একটি শাটারগান, একটি রামদা, শর্টগানের তিন রাউন্ড তাজা গুলি ও চারটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩৯ ঘ.