২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনিয়মের অভিযোগে কমলাপুর স্টেশন ম্যানেজার বরখাস্ত

টিকিট বিক্রিতে অনিয়মের অভিযোগে দেশের প্রধান রেলওয়ে স্টেশনের ম্যানেজার আবু সাইদ আহমদকে শনিবার সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2008, 04:37 PM

Updated : 26 Aug 2022, 02:09 PM

ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--টিকিট বিক্রিতে অনিয়মের অভিযোগে দেশের প্রধান রেলওয়ে স্টেশনের ম্যানেজার আবু সাইদ আহমদকে শনিবার সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। রেলের মহাপরিচালক বেলায়েত হোসেন শনিবার সন্ধ্যায় টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ খবর নিশ্চিত করে বলেন," কমলাপুর রেলস্টেশনের ম্যানেজারকে এখন কারণ দর্শাতে বলা হবে। জবাব পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।" একই অভিযোগে কয়েকদিন আগে কমলাপুর রেলস্টেশনের দুই কেরানিকেও (বুকিং ক্লার্ক) বরখাস্ত করা হয় বলে তিনি জানান। নাম প্রকাশ না করার শর্তে যোগাযোগ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত বৃহস্পতিবার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাসরিন আক্তারের নেতৃত্বে চার সদস্যের একটি দল কমলাপুর স্টেশনে সরেজমিনে গিয়ে দেখতে পান স্টেশন ম্যানেজার অবৈধভাবে বিভিন্ন ট্রেনের অনুমোদিত সংখ্যার চেয়ে অনেক বেশি টিকিট নিজ নামে ব্লক ( বুকিং) করে রাখেন। ওই কর্মকর্তা জানান, একজন স্টেশন ম্যানেজার ট্রেন ছাড়ার ছয় ঘন্টা আগ পর্যন্ত ১৫ থেকে ২০টি টিকিট নিজ নামে ব্লক করে রাখতে পারেন। কিন্তু পরিদর্শন টিম দেখতে পান গত ২৪ জুলাই তিনি 'সুবর্ণ' আন্তঃনগর ট্রেনের ১২৩টি এবং 'তুর্ণা নিশীথা'-র ৬৭টি টিকিট নিজ নামে ব্লক করে রাখেন। এছাড়া ২৫ জুলাই 'তুর্ণা নিশীথা'-র ১৫৬টি এবং ১৭ জুলাই 'সুবণর্' ট্রেনের ৩৬৪টি টিকিট ব্লক করে রাখেন ম্যানেজার। এসব ব্লক করা টিকিট কালো বাজারে বেশি দামে বিক্রি হয় বলে যোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তাটি অভিযোগ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/ইএইচবি/এসকে/২২০৭ঘ.