ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর তেজগাঁও এলাকায় শুক্রবার ভোররাতে র্যাবের সঙ্গে 'ক্রসফায়ারে' সাহেব আলী (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।
র্যাবের দাবি, সাহেব আলী এক সময়ের শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হান্নানের সহযোগী। রাজধানীর কারওয়ানবাজার ও তেজগাঁও এলাকায় পিচ্চি হান্নানের হয়ে সে চাঁদাবাজি ও ভাড়াটে খুনি হিসেবে কাজ করতো।
পিচ্চি হান্নান ২০০৫ সালে র্যাবের ক্রসফয়ারে নিহত হয়।
র্যাব সদর দপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার ভোররাতে রাজধানীর শিল্পাঞ্চল থানা এলাকার ট্রাকস্ট্যান্ডের পাশে সিএসবি গোডাউনের পেছনে কয়েকজন সহযোগীসহ সাহেব আলীকে চ্যালেঞ্জ করে র্যাব-২ এর একটি দল। এ সময় সন্ত্রাসীরা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়লে র্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। প্রায় আধঘণ্টা বন্দুকযুদ্ধের পর সন্ত্রাসীরা পালিয়ে যায়। এরপর র্যাব সদস্যরা সেখানে তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ অবস্থায় সাহেব আলীকে পড়ে থাকতে দেখে।
পরে শিল্পাঞ্চল থানা পুলিশ সাহেব আলীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান, সে মারা গেছে।
র্যাব সদস্যরা ঘটনাস্থলে তল্লাশী করে একটি বিদেশি রিভলবার, এক রাউন্ড গুলি, ও দুটি মোবাইল ফোন সেট উদ্ধার করেছে।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাহেব আলীর বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা ও চাঁদাবাজির অভিযোগে একাধিক মামলা রয়েছে। ২০০৫ সালে র্যাবের সঙ্গে পিচ্চি হান্নানের সহযোগীদের 'বন্দুকযুদ্ধে' সাহেব আলী নিজে অংশ নেয়। তখন তার পায়ে গুলি লাগে। পরে ভারতে গিয়ে সে কৃত্রিম পা সংযোজন করে।
শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম শিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ঘটনায় র্যাব-২ এর উপ সহকারী পরিচালক মাহমুদুল হাসান একটি মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/জেকে/এমএইচবি/২১০১ ঘ.
bdnews24