ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চার সিটি করপোরেশনে মেয়র প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেওয়ার সময় কোনো মিথ্যা তথ্য দিয়েছেন কিনা- তা তদন্ত শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। হলফনামায় এসব প্রার্থী প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করেছেন কিনা- তাও খতিয়ে দেখবে কমিশন। এজন্য চার সিটি করপোরেশনের ১৬ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বুধবার তলব করা হয়েছে।
এদের মধ্যে ছয়জন রাজশাহীর, বরিশালে দু'জন, সিলেটে সাতজন এবং খুলনার রয়েছেন একজন।
তাদের মনোনয়নপত্র তলব করে রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের উপ নির্বাচন কমিশনার এবং রিটার্নিং অফিসারকে চিঠি দেওয়া হয়েছে বলে বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব আব্দুল বাতেন।
কমিশন সচিবালয়ের উপ-সচিব সৈয়দ মো. খুরশিদ আনোয়ার স্বাক্ষরিত চিঠিতে বৃহস্পতিবারের মধ্যে ১৬ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র, হলফনামা, সম্ভাব্য আয়ের উৎসের বিবরণ, আয়কর রিটার্নসহ প্রয়োজনীয় কাজপত্র ইসির কাছে পাঠাতে বলা হয়েছে।
এই ১৬ মেয়র প্রার্থী হচ্ছেন- রাজশাহী সিটি করপোরেশনের মো. এনামূল হক, মো. দুরুল হুদা, মো. ফরমান আলী, মো. আবদুল খালেক, মো. রুহুল কুদ্দুস টুনু, মো. সিদ্দিকুর রহমান; বরিশালের অ্যাডভোকেট জহুরুল হক, এনায়েত পীর খান; সিলেটের বশির আহমেদ, সৈয়দ আলী আফসার, সৈয়দ হাবিবুর রহমান হিরণ, আবুল কালাম আজাদ, ছালাহ উদ্দিন রিমন, সৈয়দ মুহিবুর রহমান, বশির আহমেদ এবং খুলনা সিটি করপোরেশনের মনিরুজ্জামান।
রাজশাহীর উপ নির্বাচন কমিশনার ও রিটার্নিং অফিসার সৈয়দ মোহাম্মদ মূসা চিঠি পাওয়ার কথা স্বীকার করে বুধবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''কমিশনের নির্দেশনা মতো মনোনয়নপত্র ও কাগজপত্র আমরা পাঠিয়ে দেব।"
নির্বাচন কমিশনের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কিছু প্রার্থী ও রিটার্নিং অফিসারের বিরুদ্ধে অভিযোগ ওঠায় কমিশন তা তদন্তের সিদ্ধান্ত নিয়েছে। মনোনয়পত্র গ্রহণের সময় রিটার্নিং অফিসারের কোনো ত্র"টি হয়েছে কিনা বা প্রার্থীরা মিথ্যা তথ্য দিয়েছে কিনা সেটি খতিয়ে দেখা হবে।
প্রধান নির্বাচন কমিশনার শামসুল হুদা গত সোমবার সাংবাদিকদের বলেন, "যেসব রিটার্নিং অফিসার ও প্রার্থীর বিষয়ে অভিযোগ পাওয়া যাচ্ছে, সেগুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।"
ইতোমধ্যে সিলেট, রাজশাহী ও বরিশালে বেশ কয়েকজনকে প্রার্থী ও রিটার্নিং অফিসারকে সতর্ক করা হয়েছে বলেও জানিয়েছিলেন সিইসি।
আগামী ৪ আগস্ট চার সিটি করপোরেশন ও নয় পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএনডি/এমএইচবি/২১২১ ঘ.
bdnews24