২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ আগস্ট গ্রেনেড হামলা করে হত্যা মামলার আংশিক শুনানি

২১ আগস্ট গ্রেনেড হামলা করে হত্যার অভিযোগের মামলায় মঙ্গলবার অভিযোগ গঠনের আংশিক শুনানি অনুষ্ঠিত হয়েছে। ঢাকা মহানগর দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক কে এম রাশেদুজ্জামান রাজা আগামী ৩ আগস্ট অভিযোগ গঠনের শুনানির জন্য পরবর্তী দিন ধার্য করেন। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2008, 06:52 AM

Updated : 07 Jul 2022, 05:50 PM

ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ আগস্ট গ্রেনেড হামলা করে হত্যার অভিযোগের মামলায় মঙ্গলবার অভিযোগ গঠনের আংশিক শুনানি অনুষ্ঠিত হয়েছে। ঢাকা মহানগর দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক কে এম রাশেদুজ্জামান রাজা আগামী ৩ আগস্ট অভিযোগ গঠনের শুনানির জন্য পরবর্তী দিন ধার্য করেন। (বিস্তারিত)

মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত শুনানিতে কোনো কোনো অভিযুক্তের পক্ষে জামিন এবং কারো পক্ষে অভিযোগ থেকে অব্যাহতি চান তাদের আইনজীবীরা। এ সময় আসামীদের মধ্যে কেউ কেউ ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দী প্রত্যাহার করতে চান।

মামলার অন্যতম আসামী জোট সরকারের সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুকে নারায়ণগঞ্জ কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

অধিকাংশ আসামীর আইনজীবী বলেন, তারা এখনো শুনানির জন্য প্রয়োজনীয় সব কাগজপত্রের সত্যায়িত কপি পাননি।

বিচারক পরবর্তী দিন পলাতক আসামীদের পক্ষে রাষ্ট্রীয় ব্যয়ে আইনজীবী নিয়োগের আদেশ দেবেন।

এরপর মুফতি আব্দুল হান্নান, তার ভাই মহিবুল্লাহ ওরফে অভি, আরিফ হাসান ওরফে সুমন ওরফে রাজ্জাক, শরীফ সাহেদুল ইসলাম ওরফে বিপুল, উজ্জ্বল হোসেন রতন, হাফেজ আবু তাহের, রফিকুল ইসলাম গাজী, আবুল কালাম আজাদ ওরফে বুলবুল, মাওলানা আবু সাঈদ ওরফে ডা: আবু জাফর, জাহাঙ্গীর আলম, হোসাইন আহমেদ ওরফে তামীম, মুফতি মঈন উদ্দিন শেখ ওরফে আবু জান্দাল ও শাহাদাত উল্লাহ জুয়েলকে দেশের বিভিন্ন কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

মুফতি হান্নান ১৬৪ ধারায় হাকিমের কাছে দেওয়া জবানবন্দী প্রত্যাহারের জন্য মৌখিকভাবে আবেদন করেন বিচারকের কাছে। জামিন চাওয়া হয় আব্দুস সালাম পিন্টু, শাহাদাৎ হোসেন জুয়েল, হোসাইন আহমেদ তামীম, জাহাঙ্গীর আলম, মাওলানা আবু তাহের, আরিফ হাসান সুমনের পক্ষে।

আরিফের পক্ষে অব্যাহতির শুনানিতে আইনজীবী বলেন, মুফতি হান্নান স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় নিজের এবং আরিফ হাসান সুমনসহ আরো যাদের সম্পৃক্ততার কথা উল্লেখ করেছেন সেই আরিফ এবং তার মক্কেল আরিফ এক নন। আরিফ হাসান সুমন কখনোই ঢাকা কলেজে পড়তেন না বলে তিনি উল্লেখ করেন। তিনি দাবি করেন আরিফ হাসান সুমনকে রিমান্ডে নিয়ে নির্মমভাবে নির্যাতনের পর ১৬৪ ধারায় জোর করে জবানবন্দী নেওয়া হয়।

আব্দুস সালাম পিন্টুর জামিন চেয়ে অ্যাডভোকেট মোহাম্মদ আলী আদালতে বলেন, "ঘটনার ৪ বছর পরে পিন্টুকে গ্রেপ্তার করা হয়। এ সময় পর্যন্ত কোনভাবেই কোনসময়েই জড়িত বলে তার নাম আসেনি। তিনি বড়যন্ত্রের শিকার।"

জজ মিয়ার ১৬৪ ধারার জবানবন্দীতে ৮ জনের মধ্যে পিন্টুর নাম নেই বলেও তিনি উল্লেখ করেন।

পিন্টুর বিরুদ্ধে অভিযোগ 'ভিত্তিহীন ও বানোয়াট' দাবি করে তার আইনজীবীরা বলেন, "ষড়যন্ত্রী বিশেষ মহলের নীল নকশায়র পিন্টুকে এ মামলায় অন্তরীণ রাখা হয়েছে।"

পিন্টুর আইনজীবী মোহাম্মদ আলী নূরুল আলম খোকনসহ অন্যরা বলেন, আওয়ামী লীগ ও বিএনপিকে পরস্পর পরস্পরকে শক্র বানানোর অপচেষ্টায় মুফতি হান্নানকে দিয়ে ১৬৪ ধারায় নির্যাতনের মাধ্যমে জবানবন্দী দেওয়ানো হয়েছে।

আবদুস সালাম পিন্টু বলেন, "আমাকে এ মামলায় গ্রেপ্তারের ৩/৪ দিন আগে সেনাবাহিনীর হেফাজতে নেওয়া হয়। তারা আমাকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেন।"

জামিন আবেদন করে বিচারককে তিনি বলেন, "আমি যদি ২১ আগস্টের ঐ নির্মম হত্যাকাণ্ড ও হামলায় জড়িত থাকতাম তবে পালিয়ে যেতে পারতাম। আমি আদালতের কাছে নি:শঙ্কোচে বলতে পারি, জান্দাল, তাহের, মুফতি হান্নান ঘটনার আগে আমার বাসায় কখনো আসেনি।"

শুনানির সময় পিন্টু নিয়ম অনুযায়ী কাঠগড়ায় দাঁড়াননি। তার আইনজীবীরা কাঠগড়াকে 'লোহাগড়া' আখ্যায়িত করে বলেন, "ওখানে কোনো ভদ্রলোক দাঁড়াতে পারে না।" রাষ্ট্রপক্ষের পিপি ও পিন্টুর আইনজীবীদের মধ্যে এ নিয়ে বিতর্কের পর বিচারক 'আইনের চোখে সবাই সমান' বলে কাঠগড়ায় যেতে বলার পরও তিনি তা উপেক্ষা করেন। দৃশ্যত শুনানি গ্রহণের ব্যস্ততায় বিচারকও বিষয়টির ওপর আর নজর দেননি।


বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/১৬৪২ঘ.