ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সামাজিক দায়িত্ববোধের আন্তর্জাতিক মানদণ্ড মেনে না চললে বাংলাদেশের তৈরি পোশাক খাতসহ রপ্তানিমুখী কোম্পানিগুলো ২০১০ সালের পর বিশ্ব বাজারে প্রবেশাধিকার হারাতে পারে বলে সতর্ক করে দিয়েছেন বিশেষজ্ঞরা।
নতুন রপ্তানি সুবিধা পাওয়ার ক্ষেত্রেও এ মানদণ্ড মেনে চলা অন্যতম প্রধান শর্ত বলেও জানান তারা।
সোমবার বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই) এ আয়োজিত 'ন্যাশনাল সোশ্যাল রেসপন্সিবিলিটি স্টেকহোল্ডার কনসাল্টিং কনফারেন্স অন আইএসও ২৬০০০' শীর্ষক এক সম্মেলনে বিশেষজ্ঞরা একথা জানান।
আন্তর্জাতিক মাননিয়ন্ত্রক প্রতিষ্ঠান (আইএসও)'র নির্ধারণ করে দেওয়া সামাজিক দায়িত্ববোধের মানদণ্ড আইএসও ২৬০০০ বাস্তবায়িত হবে ২০১০ সাল থেকে। বিএসটিআই বাংলাদেশে আইএসও ২৬০০ বাস্তবায়নের বিষয়টি পর্যবেক্ষণ করছে ।
এ মানদণ্ড মেনে না চললে বৈশ্বিক ক্রেতারা রপ্তানিমুখী কোম্পানিগুলোর কাছ থেকে পণ্য কেনা বাদ দিতে পারে বলেও সম্মেলনে জানানো হয়।
সম্মেলনে রীড কনসালটিং বাংলাদেশের এক প্রতিবেদনে বলা হয়,"বাংলাদেশের রপ্তানিমুখী ব্যবসা প্রতিষ্ঠানগুলো আইএসও ২৬০০০ মেনে নিলে নতুন আন্তর্জাতিক বাজারে প্রবেশ এবং সার্কভুক্ত দেশগুলোর বিপরীতে বাজারে শেয়ার ধরে রাখা তাদের জন্য সহজ হবে।"
সম্মেলনে ব্রিটিশ হাইকমিশনার স্টিফেন ইভান্স বলেন,"বর্তমানে আন্তর্জাতিক বাণিজ্যের প্রধান উপাদান হল সামাজিক নিরাপত্তা। কোন দেশ আন্তর্জাতিক বাজারে টিকে থাকতে চাইলে অবশ্যই এ বিষয়টির প্রতি খেয়াল রাখতে হবে।"
আইএসও ২৬০০০ নির্দেশনা অনুযায়ী, বিদেশে পণ্য বিক্রি করতে হলে কোম্পানিগুলোকে উৎপাদনের সামাজিক প্রভাব বিষয়ে খেয়াল রাখতে হবে।
এর অর্থ হল মানবাধিকার, শ্রমিক কল্যাণ, কর্পোরেট গভর্নেন্স, পরিবেশগত নিরাপত্তা, কমিউনিটির সংশ্লিষ্টতা, ভোক্তা অধিকার এবং এরকম আরো কিছু বিষয়ে আন্তর্জাতিক মান মেনে চলতে হবে।
বিশ্বের বিভিন্ন কোম্পানির জন্য সামাজিক দায়িত্ববোধের মানদণ্ড বিষয়ে আগামী সেপ্টেম্বর মাসে চিলির সান্তিয়াগোতে আইএসও একটি সম্মেলনের আয়োজন করবে। সম্মেলনে সদস্য রাষ্ট্রগুলো যেসব প্রস্তাব উত্থাপন করবে তা সামাজিক দায়িত্বের আন্তর্জাতিক মান নির্ধারণে কাজে লাগানো হবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শিল্প সচিব শেখ এসায়েতউল্লাহ, বিএসটিআই'র মহাপরিচালক মো: আজমল হোসেন এবং রীড কনসালটিং বাংলাদেশ লিমিটেডের রডনি রীড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এফএফ/এসকে/১৬৩১ঘ.
bdnews24