২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমাহিত হয়েছেন কথাশিল্পী মাহমুদুল হক

বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কথাশিল্পী হিসেবে বিবেচিত মাহমুদুল হক আর নেই। রোববার গভীর রাতে রাজধানীর লালবাগের তার শ্বশুরের বাসায় মারা যান নিভৃতচারী এ কৃতী লেখক। সম্প্রতি তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। (আরো তথ্যসহ) >> বটুভাইয়ের 'খেলাঘর'-এর টিভি নাট্যরূপকে স্বাগত জানিয়ে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2008, 06:03 AM

Updated : 26 Aug 2022, 02:08 PM

ঢাকা, জুলাই ২১(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কথাশিল্পী হিসেবে বিবেচিত মাহমুদুল হক আর নেই। রোববার গভীর রাতে রাজধানীর লালবাগের তার শ্বশুরের বাসায় মারা যান নিভৃতচারী এ কৃতী লেখক। সম্প্রতি তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। বাংলা একাডেমিতে জানাজা শেষে মাহমুদুল হককে বেলা পাঁচটার দিকে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়। খ্যাতিমান এ কথাশিল্পীর বয়স হয়েছিল ৬৭। বন্ধুমহল ও কনিষ্ঠ অনেকের কাছে তিনি বটু ভাই হিসেবে পরিচিত ছিলেন। মাহমুদুল হকের ভাগ্নে আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত দুইটার সময় তার মামা প্রাণত্যাগ করেন। প্রয়াত লেখকের শ্যালিকা শাহিদা বেগম জানান, হৃদরোগে আক্রান্ত হলে এক সপ্তাহ আগে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে তাকে ভর্তি করা হয়। একদিন পরেই চিকিৎসকের পরামর্শে বাসায় ফিরে যান তিনি। মাহমুদুল হক অনেক ছোট গল্প লিখলেও উপন্যাস 'জীবন আমার বোন',' নিরাপদ তন্দ্রা', 'কালো বরফ', 'মাটির জাহাজ' 'খেলাঘর' এবং কিশোরদের জন্য লেখা 'অনুর পাঠশালা' এবং 'কুশল ও চিক্কোর মারণ কাবুক' সাড়া জাগায় পাঠক ও সমালোচকদের মধ্যে। এছাড়া 'প্রতিদিন একটি রুমাল' নামে তার একটি গল্পের সংকলন আছে। মাহমুদুল হকের সর্বশেষ প্রকাশিত উপন্যাস 'অশরীরী'। এটা কয়েকবছর আগে প্রকাশ হলেও লেখা হয় '৮০এর দশকেই। সোমবার দুপুর ১টায় লালবাগের বাসা থেকে লেখকের কফিন বাংলা একাডেমির বর্ধমান হাউজে এনে রাখা হয়। সেখানে শিল্পী-সাহিত্যিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা তার প্রতি শেষ শ্রদ্ধা জানান। বাংলা একাডেমির মহাপরিচালক সৈয়দ মোহাম্মদ শাহেদসহ একাডেমির কর্মকর্তা-কর্মচারিরা কফিনে পুস্পস্তবক অর্পণ করেন। কবি রফিক আজাদ, বাংলা একাডেমির সাবেক মহা পরিচালক অধ্যাপক মনসুর মূসা, লেখক এখলাস উদ্দিন আহমেদ, প্রকাশক মফিদুল হক, নাট্যকার রামেন্দু মজুমদার, চলচ্চিত্রকার মোরশেদুল ইসলামসহ নানা প্রজন্মের উপন্যাসিক-গল্পকার-কবি-লেখকরা বাংলা একাডেমি শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে বাংলা একাডেমি চত্বরে মাহমুদুল হকের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে একাডেমির মহাপরিচালকসহ শিল্পী-সাহিত্যিক-লেখকরা অংশ নেন। মহাপরিচালক সৈয়দ মোহাম্মদ শাহেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,''আমরা শোকাভিভূত। মাহমুদুল হক একজন উঁচু মাপের উপন্যাসিক ছিলেন। তার মতো লেখক সমসাময়িককালে আর নেই। বাংলা সাহিত্যের প্রতি নিভৃতচারী এ প্রতিভার ছিল দৃঢ় অঙ্গীকার।'' দৃশ্যত শোকবিধুর লেখক নাসরীন জাহান বলেন,'' এই প্রথম আমি আমার প্রিয় শিল্পজনের দেহ দেখতে এসেছি। তিনি ছিলেন নিভৃতচারী একজন প্রতিভাবান লেখক। তার ভাষাশৈলী আমাদের সাহিত্যে নতুন ধারার সূচনা করেছে।'' বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক অধ্যাপক মনসুর মূসা বলেন,'' এক বিশাল প্রতিভাধর লেখক ছিলেন তিনি। নিভৃতচারী মানুষ ছিলেন। তিনি চলে যাওয়ায় আমাদের কথাসাহিত্য ক্ষতিগ্রস্ত হলো।" উপন্যাসিক, নাট্যকার আনিসুল হক বলেন,'' একজন শক্তিমান লেখক ছিলেন মাহমুদুল হক ভাই। তিনি রহস্যময় জীবন যাপন করতেন। শিল্পী এসএম সুলতানের মতো মাহমুদুল হক ভাই নিজেই একটি উপন্যাস। তার চলে যাওয়ায় আমাদের জন্য বিরাট ক্ষতি হয়েছে। '' চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম বলেন,'' মাহমুদুল হক একজন শক্তিমান লেখক ছিলেন। তার প্রতিটি লেখা একটি চলচ্চিত্র হতে পারে। তার লেখার বর্ণনা চোখে ভেসে উঠে জীবন্ত হয়ে। '' বিটিভির জন্য মাহমুদুল হকের উপন্যাস 'খেলাঘর' এর নাট্যরূপদানকারী কবি অলোক বসু বলেন, "আমি তার একজন ভক্ত। প্রকৃতই মুক্তিযুদ্ধকে তুলে ধরে এরকম একটি কাজ খুুঁজতে গিয়ে আমার 'খেলাঘর' এর কথা মনে হয়। এরকম প্রেক্ষাপটে বাংলাদেশে আর কোনো লেখা হয়নি। উনি এমন একজন কথাশিল্পী যার লেখা পড়ে আমি শিহরিত হয়েছি। 'খেলাঘর' এ বিক্রমপুরের যে জায়গার বর্ণনা তিনি দিয়েছেন, একদিন সেখানে গিয়েই আমার মনে হয়েছিল যেন কোথায় এ জায়গার কথা পড়েছি। এতই জীবন্ত ছিল তার বর্ণনাভঙ্গি।" সংস্কৃতি উপদেষ্টা রাশেদা চৌধুরী এক শোকবার্তায় বলেছেন, "কথাশিল্পী হিসেবে মাহমুদুল হক সবার কাছে সমাদৃত ছিলেন। তাঁর মৃত্যুতে যে ক্ষতি হলো তা সহজে পূরণ হবার নয়।" ১৯৮২ সালের পর থেকে কিছু লেখেননি মাহমুদুল হক। মাহমুদুল হকের স্ত্রী হোসনে আরা মাহমুদ কাজল হৃদরোগে আক্রান্ত হয়ে গত বছরের ৯ ডিসেম্বর মারা যান। তার এক ছেলে শিমুল হক সিরাজী টোকন যুক্তরাষ্ট্র এবং এক মেয়ে তাহমিনা মাহবুুব মলি কানাডায় বাস করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জিএনএ/এসকে/১৭৩৮ঘ.