ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ভারতকে ট্র্যানজিট না দেওয়ার জন্য সরকারের প্রতি নির্দেশনা চেয়ে সাবেক জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান রোববার হাইকোর্টে একটি রিট দায়ের করেছেন।
আদালত সংক্ষিপ্ত শুনানি গ্রহণ করে রিটটি ফেরত দেন।
বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি মো. রেজাউল হকের হাইকোর্ট বেঞ্চে এ রিটটি দায়ের করা হয়।
রিটকারীর কৌসুলি ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাংবাদিকদের জানান, হাইকোর্টের অপর একটি বেঞ্চে তারা রিটটি উপস্থাপন করবেন।
নয়াদিল্লীতে ভারত ও বাংলাদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে "ভারতকে ট্র্যানজিট দেওয়ার বিষয়টি আলোচিত হচ্ছে" উল্লেখ করে রিট আবেদনে বলা হয়েছে, সংবিধানের ৫৮ (ঘ) অনুচ্ছেদ অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার এই ধরনের নীতি নির্ধারণী কোন সিদ্ধান্ত নিতে পারে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এসকে/২১৫০ঘ.
bdnews24