২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতিবাজরা নির্বাচন করায় বিফলে যাচ্ছে সংস্কার উদ্যোগ: সুজন

সিটি ও পৌর নির্বাচনে দুর্নীতিবাজ, অপরাধী ও পলাতক আসামিরা প্রার্থী হওয়ায় সরকার ও নির্বাচন কমিশনের সংস্কার উদ্যোগ বিফলে যাচ্ছে বলে অভিযোগ করেছে বেসরকারি সংগঠন- সুশাসনের জন্য নাগরিক (সুজন)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2008, 12:18 PM

Updated : 26 Aug 2022, 02:08 PM

ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিটি ও পৌর নির্বাচনে দুর্নীতিবাজ, অপরাধী ও পলাতক আসামিরা প্রার্থী হওয়ায় সরকার ও নির্বাচন কমিশনের সংস্কার উদ্যোগ বিফলে যাচ্ছে বলে অভিযোগ করেছে বেসরকারি সংগঠন- সুশাসনের জন্য নাগরিক (সুজন)। এসব অভিযোগ তদন্তের আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে রোববার সকালে সংবাদ সম্মেলনে সুজনের সাধারণ সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, ''বর্তমান সরকারের সব ধরনের সংস্কার কার্যক্রমের উদ্দেশ্যই ছিল নির্বাচনে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থী নিশ্চিত করা। কিন্তু এবারের সিটি ও পৌর নির্বাচনে অনেক চিহ্নিত আসামি, খুনী, অপরাধীরা অংশ নিচ্ছে। এদের প্রতিরোধে সরকার ও নির্বাচন কমিশনের (ইসি) উদ্যোগ কোনো সাফল্য দেখাতে পারেনি।" আসন্ন সিটি ও পৌর নির্বাচনে প্রার্থীরা অসম্পূর্ণ, অসঙ্গতিপূর্ণ তথ্য দিলেও এখন পর্যন্ত কারো মনোনয়নপত্র বাতিল করা হয়নি বলেও জানান তিনি। প্রার্থীদের হলফনামার তথ্য জনগণকে জানানোর কথা থাকলেও ইসি তা করতে ব্যর্থ হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ''নাগরিকের তথ্য প্রাপ্তির অধিকার থাকলেও নির্বাচন কমিশন প্রার্থীদের পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করছে না এবং কোনো সংস্থাকে এ বিষয়ে সহযোগিতা করছে না।'' সংবাদ সম্মেলনে চার সিটি ও নয় পৌরসভার মধ্যে নয়টি এলাকার প্রার্থীদের তথ্য উপস্থাপন করা হয়। সুজনের সভাপতি অধ্যাপক মোজাফ্ফর আহমেদ বলেন, "নির্বাচনে প্রার্থীদের দাখিল করা তথ্য পর্যালোচনা করে দেখা যায়, অনেকে যথাযথভাবে হলফনামা পূরণ করেননি। দাখিল করা তথ্য অসম্পূর্ণ এবং তাতে ব্যাপক অসঙ্গতি রয়েছে। নিজ বা অন্য কোনো নামে বা যৌথ মালিকানায় স্থাবর সম্পত্তি থাকলেও তার বিবরণ দেননি প্রার্থীরা।" তথ্য গোপনের পাশাপাশি হলফনামায় অসত্য তথ্য দানকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের ১১ দিন পরও প্রার্থীদের অসম্পূর্ণ তথ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটে থাকায় হতাশা প্রকাশ করা হয় সংবাদ সম্মেলনে। এদিকে, সুজনের অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন রোববার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের বলেন, "প্রার্থী বা কর্মকর্তাদের বিরুদ্ধে ভুল তথ্য দেওয়ার অভিযোগ খতিয়ে দেখব আমরা।" সার্বিক বিষয় নিয়ে কমিশন তদন্ত করবে বলে উল্লেখ করে তিনি বলেন, "এবারই প্রথম হলফনামার মাধ্যমে প্রার্থীদের তথ্য নেওয়া হচ্ছে। এক্ষেত্রে ইসির মাঠপর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্টদের মধ্যে বোঝাপড়ার অভাব হচ্ছে। তবে প্রক্রিয়া যখন শুরু হয়েছে কিছুদিন পরে এর সুফল পাওয়া যাবে।" তথ্য গোপন বা অসত্য তথ্য দিলে নির্বাচিত হওয়ার পরও সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে বলেও জানান তিনি। সুজনের সংবাদ সম্মেলনে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান, কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এফএফ/এসএনডি/১৮১৬ ঘ.