চট্টগ্রাম, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীতে রোববার ভেজালবিরোধী অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কোতোয়ালি থানার সদরঘাটের অভয়মিত্র ঘাট এলাকার সারদা অয়েল মিল এবং খাতুনগঞ্জ এলাকার মরিচ গুঁড়ো করার দুটি কারখানায় এ অভিযান চালান।
জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সদরঘাট অভয়মিত্র ঘাট সংলগ্ন আফাজ উল্লাহ খানের মালিকানার সারদা অয়েল মিলে অভিযান চালিয়ে পৃথক চারটি অভিযোগে বিশুদ্ধ খাদ্য আইনে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
ম্যাজিস্ট্রেট বলেন, "মিলটিতে শঙ্খ মার্কা সরিষার তেল টিনজাত করা হলেও তা করা হচ্ছিল অত্যন্ত নোংরা পরিবেশে। সরিশার তেলের সঙ্গে তিলও মেশানো হচ্ছিল। এছাড়া প্রতিষ্ঠানটির হেলথ লাইসেন্স ও মূল্য তালিকা ছিল না। এ জন্য তাদের ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একটি গুদামে পশু খাদ্যের সাথে নোংরা পরিবেশে দারুচিনি সংরক্ষণের দায়ে একই মালিককে আরও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।"
খাতুনগঞ্জ নবী মার্কেটে স্বপন বাবু ও আবদুল মতিনের মালিকানার দুটি মরিচ গুঁড়ো করার কারখানায় অভিযান চালিয়ে ভেজাল মেশানোর দায়ে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে। এসময় মিল দুটি থেকে ১১ বস্তা তুষ, পঁচা ভুট্টা ও রঙ জব্দ করা হয়।
ম্যাজিস্ট্রেট জাকির হোসেন জানান, প্রতিষ্ঠান দুটিতে দীর্ঘদিন ধরে মরিচের সাথে পঁচা ভুট্টা, তুষ, রঙ মিশিয়ে গুঁড়ো করে বাজারজাত করা হত। অভিযানকালে প্রতিষ্ঠান দুটির মালিকদের কাউকেই পাওয়া যায়নি।
জব্দকৃত মালামাল নগরীর রৌফাবাদ ডাম্পিং স্টেশনে নিয়ে গিয়ে নষ্ট করা হয় বলে তিনি জানান।
বিডিআর, পুলিশ, বিএসটিআই এবং সিটি কর্পোরেশনের কর্মকর্তারা অভিযানে সহায়তা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৭৫৯ ঘ.
bdnews24