২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে 'জনগণের মুখোমুখি' মেয়র প্রার্থীরা

রাজশাহী সিটি করপোরেশনের মেয়র হতে পারলে ১৪ দল সমর্থিত প্রার্থী খায়রুজ্জামান লিটন নগরীতে গ্যাস আনার ব্যবস্থা করবেন। তবে গ্যাস, বিদ্যুৎ পানি সংক্রান্ত 'মিথ্যে আশ্বাস' নয়, মাসুদুল হক ডুলুর নির্বাচনী প্রতিশ্র"তি- সিটি করপোরেশনকে দুর্নীতিবাজদের হাত থেকে রক্ষা করা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2008, 04:35 PM

Updated : 26 Aug 2022, 02:08 PM

রাজশাহী, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী সিটি করপোরেশনের মেয়র হতে পারলে ১৪ দল সমর্থিত প্রার্থী খায়রুজ্জামান লিটন নগরীতে গ্যাস আনার ব্যবস্থা করবেন। অ্যাডভোকেট এনামুল হক রাজশাহীতে একটি ভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করবেন, আর সবার আগে কর্মসংস্থান সমস্যার সমাধানে মন দেবেন মোসাদ্দেক হোসেন। গ্যাস, বিদ্যুৎ পানি সংক্রান্ত 'মিথ্যে আশ্বাস' নয়, মাসুদুল হক ডুলুর নির্বাচনী প্রতিশ্র"তি- সিটি করপোরেশনকে দুর্নীতিবাজদের হাত থেকে রক্ষা করা। শনিবার 'জনগণের মুখোমুখি' নামের এক অনুষ্ঠানে এসে ভোটারদের এসব প্রতিশ্র"তি দেন মেয়র পদের প্রার্থীরা। কেবল মৌখিক প্রতিশ্র"তি নয়, একটি অঙ্গীকার সনদেও স্বাক্ষর করেছেন তারা। সকাল ১০টায় নগরীর 'স্বপ্নীল আয়োজন' কমিউিনিটি সেন্টারের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে বেসরকারি সংগঠন সুশাসনের জন্য নাগরিক (সুজন)। নসির আহমেদ বিদ্যুৎ, আকতারুজ্জামান বাবলু ও ফরমান আলী ছাড়া বাকি ১২ জন মেয়র পদপ্রার্থীই এতে অংশ নেন। উদ্বোধনী বক্তব্যে সুজনের কেন্দ্রীয় সভাপতি অর্থনীতিবিদ অধ্যাপক মোজাফ্ফর আহমদ বলেন, "আমরা রাজতন্ত্র বা স্বৈরাচার চাই না। এক নেতা বা নেত্রীর নেতৃত্বও চাই না। অন্যবার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পরীক্ষা হয়েছে। এবার হবে জনগণের পরীক্ষা। তারা জেনে-বুঝে সঠিক ব্যক্তিকে ভোট দিতে পারে কি না- তার পরীক্ষা।" পরে সুজনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ড. বদিউল আলম মজুমদারের সঞ্চালনায় প্রত্যেক মেয়র প্রার্থী তিন মিনিট করে বক্তব্য রাখেন এবং ভোটারদের তিনটি করে প্রশ্নের উত্তর দেন। খায়রুজ্জামান লিটন বলেন, "রাজশাহী সিটি করপোরেশন প্রায় ২১ বছর পার করেছে। আগের মেয়ররা রাজশাহীতে গ্যাস আনতে পারেননি। আমি জনগণের রায়ে মেয়র নির্বাচিত হলে দ্রুত গ্যাস আনার ব্যবস্থা করব।" ২৩ দফা নির্বাচনী ইশতেহারের কথা উল্লেখ করে লিটন বলেন, "আমি এসব প্রতিশ্র"তি সম্পূর্ণ বাস্তবায়নের উদ্যোগ নেব। নগরভবনে প্রতি সপ্তাহে ৩ দিন সরাসরি জনগণের সঙ্গে কথা বলব।" অ্যাডভোকেট এনামুল হক বলেন, "শিক্ষা নগরী বলা হলেও রাজশাহীতে কোনো ভাষা ইনস্টিটিউট নেই। মেয়র নির্বাচিত হলে আমি সিটি করপোরেশনের অর্থায়নে একটি ভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করব।" রেজাউন নবী দুদু বলেন, "আমি গত ১৪ মাস ধরে রাজশাহী সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছি। আমি দায়িত্ব নেওয়ার সময় করপোরেশন দেনায় জর্জরিত ছিল। ৩০ কোটি টাকা দেনার মধ্যে আমি ইতোমধ্যে ১৩ কোটি পরিশোধ করেছি। আগামীতে যিনিই নির্বাচিত হবেন, ভালভাবে কাজ করতে পারবেন।" মোসাদ্দেক হোসেন বলেন, "রাজশাহীকে একটি সুন্দর মহানগরী হিসেবে গড়ে তুলতে চাই। কর্মসংস্থান এখানকার জাতীয় সমস্যা।" মেয়র নির্বাচিত হলে বেকার যুবকদের কর্মসংস্থানের পাশাপাশি তিনি রেশম শিল্প পুনরুজ্জীবিত করার ব্যবস্থা নেওয়ার প্রতিশ্র"তি দেন। আব্দুল মতিন খান বলেন, "রাজশাহী সিটি করপোরেশনের এ যাবত যত বরাদ্দ এসেছে, তা ঠিকভাবে ব্যবহার হয়নি।" মাসুদুল হক ডুলু বলেন, "গ্যাস, বিদ্যুৎ, পানি দেব- এমন মিথ্যা আশ্বাস আমি দেব না। তবে নির্বাচিত হলে দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের হাত থেকে সিটি করপোরেশনকে রক্ষা করব।" রায়হানুর রহমান বলেন, "বিগত দিনে রাজনৈতিক দলগুলো সরকার পরিচালনা করতে গিয়ে দুর্নীতি, সন্ত্রাস, কালো টাকা সব মিলিয়ে কাজ করেছে। দলীয়করণের কারণে সাধারণ মানুষ সিটি করপোরেশনে আসতে পারেনি।" স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে পারিবারিক, সামাজিক, আঞ্চলিক সমস্যার সমাধানের আশ্বাস দেন তিনি। প্রার্থী আবুল কালাম আজাদ বাবু বলেন, "দলীয় নেতারা সিটি করপোরেশনের সমস্যার সমাধান করতে পারবেন না। এ জন্য নির্দলীয় লোক প্রয়োজন।" সিটি করপোরেশনের সাবেক মেয়র দুরুল হুদা বলেন, "আমার আমলে রাজশাহীতে বাস টার্মিনাল, রেলভবন, বরেন্দ্র প্রকল্পের অফিস স্থাপন করা হয়েছে। আবার নির্বাচিত হলে ২০০৯ সালের মধ্যে রাজশাহীতে গ্যাস সরবরাহের ব্যাবস্থা করব।" এছাড়া মেয়র প্রার্থী রুহুল কুদ্দুস টুনু ও আব্দুল খালেকও অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে সুজনের তৈরি করা একটি অঙ্গীকার সনদে সই করেন ১২ প্রার্থী। সুজনের রাজশাহী জেলা সভাপতি অধ্যাপক নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সুজনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এম. সাইদুর রহমান খান ও সাংবাদিক প্রণব সাহা বক্তব্য রাখেন। উদ্বোধনী পর্বে সঞ্চালকের দায়িত্ব পালন করেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২২৩৩ ঘ.