ঢাকা, ১৮ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দারকে দুদকের একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খালেদা জিয়ার শহীদ মইনুল রোডের বাড়ির গেট থেকে রাত ৯টা ৪৫ এ তাকে পুলিশ গ্রেপ্তার করে। কাফরুল থানা পুলিশ এতে সহায়তা করে বলে তিনি জানান।
খালেদা পরিবারের একজন আত্মীয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সদ্য মুক্তিপ্রাপ্ত কোকোকে দেখে ফেরার সময় শামীমকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের মীরপুর জোনের সহকারী কমিশনার (এসি) এমদাদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,"রমনা থানায় দায়ের করা দুদকের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা রমনা থানা পুলিশকে সহযোগিতা করেছি।"
২০০৭ সালের ৫ আগস্ট বাংলাদেশ ব্যাংক যে ১৯৯ জনের কাছে তাদের ব্যাংক হিসাব জানতে চেয়ে চিঠি দেয় বাংলাদেশ বিমানের একসময়ের ফ্লাইট ইঞ্জিনিয়ার শামীম ইস্কান্দার তাদের একজন। বিমানে কর্মরত থাকার সময় সংস্থাটির ক্রয়সহ বিভিন্ন বিষয়ে দুর্নীতির অভিযোগ আছে তার বিরুদ্ধে।
সে বছরেরই মার্চ মাসে প্রকাশিত সন্দেহভাজন দুর্নীতিবাজদের তালিকায় শামীম ইস্কান্দারের নাম ছিল।
ওই বছরেরই ২৮ মে দুদক ২০ জনের সম্পত্তির হিসাব চেয়ে যে চিঠি দেয় তাতেও তার নাম ছিল। ১০ জুন তিনি দুদকে হিসাব জমা দেন। এতে তিনি তার মোট সম্পত্তির পরিমাণ ৩ কোটি ৭৫ লাখ টাকা এবং ৭৫ তোলা সোনা বলে হিসাব দেন।
এছাড়া জুন মাসে এনবিআর বাণিজ্যিক ব্যাংকগুলোকে যে ৬০ জনের ব্যাংক হিসাব জানাতে বলে শামীম ইস্কান্দার তার একজন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/ এসএম/এসকে/২২৩৫ঘ.
bdnews24