চাঁপাইনবাবগঞ্জ, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বিডিআরের দুই সদস্য নিহত হওয়ার পর শুক্রবার বিকেলে দুই দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে পতাকা বৈঠক হয়েছে।
বিডিআর এর পক্ষ থেকে ঘটনার যৌথ তদন্তের প্রস্তাব দেওয়া হয়েছে জানিয়ে রাজশাহী সেক্টরের কমান্ডার কর্নেল মো. ইকবাল বলেন, "বিএসএফ কর্মকর্তারা বিষয়টি নিয়ে তাদের উচ্চ পর্যায়ে কথা বলার পর সিদ্ধান্ত জানাবেন।"
বৃহস্পতিবার মধ্য রাতে শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর গুলিতে বিডিআরের দুই সদস্য নিহত হন।
ঘটনায় পর বিডিআর বিএসএফকে প্রতিবাদপত্র পাঠায় ও পতাকা বৈঠকের আহ্বান জানান।
শুক্রবার বেলা ৩টার দিকে ঘটনাস্থলের কাছে সীমান্তের মাসুদপুরে পতাকা বৈঠক শুরু হয়। বৈঠকে বিডিআরের পক্ষে নেতৃত্ব দেন বাহিনীর রাজশাহী সেক্টরের কমান্ডার কর্নেল মো. ইকবাল।
বিএসএফ এর নেতৃত্বে ছিলেন, ভারতের পশ্চিমবঙ্গের বহরমপুর সেক্টর কমান্ডার ডিআইজি ডি এস সিধু।
বৈঠক শেষে রাত ৮টায় চাঁপাইনবাবগঞ্জ বিডিআর ৩৯ ব্যাটালিয়নের সদর দপ্তরে সংবাদ সম্মেলনে কর্নেল ইকবাল বলেন, "বিডিআরএর পক্ষ থেকে পতাকা বৈঠকে জানানো হয়েছে, বিএসএফ আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করে বাংলাদেশের ভেতরে প্রবেশ করে বিডিআর এর ওপর গুলি চালিয়েছে। তবে বিএসএফ বলেছে, ইঞ্জিনচালিত নৌকায় চড়ে রাতের বেলায় তারা গরু চোরাকারবারিদের ধাওয়া করেছিল।"
পতাকা বৈঠকে সীমান্তে উত্তেজনা কমাতে দু'পক্ষ সম্মত হয়েছে।
কর্নেল ইকবাল জানান, দুই পক্ষের গোলাগুলির পর রাতেই ঘটনাস্থল থেকে ইঞ্জিনচালিত নৌকাসহ এক চোরাচালানিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া মো. তাজেমুলের (২৫) বাড়ি ভারতের মালদা জেলার বৈষ্ণবনগর থানার চালাকপাড়া গ্রামে।
সংবাদ সম্মেলনে তাজিমুলকে হাজির করা হয়। তিনি জানান, গোলাগুলির আগে ইঞ্জিনচালিত একটি নৌকায় একজন এবং একটি স্পিডবোটে চার বিএসএফ সদস্য বাংলাদেশ সীমান্তের প্রায় এক কিলোমিটার ভেতরে প্রবেশ করে।
বৃহস্পতিবার রাতে নিহত বিডিআর সদস্যরা হলেন- হাবিলদার আব্দুল হান্নান সরকার (৫৫) ও ল্যান্স নায়েক কৃষ্ণপদ সাহা (২৮)। আব্দুল হান্নানের বাড়ি বগুড়ার গাবতলী উপজেলার কীতুনিয়া দূর্গাহাটা গ্রামে; কৃষ্ণপদের বাড়ি মাগুরা জেলার শালিখা উপজেলার খোলাবাড়ী সিমাখালী গ্রামে।
শুক্রবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে লাশের ময়নাতদন্ত হয়। হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মোহাম্মদ তাজউদ্দিন সাংবাদিকদের জানান, হাবিলদার আব্দুল হান্নানের শরীরে দুটি এবং ল্যান্সনায়েক কৃষ্ণপদ সাহার শরীরে ছয়টি বুলেট বিদ্ধ হয়।
চাঁপাইনবাবগঞ্জে বিডিআরের ৩৯ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া মো. নেয়ামত উল্লাহ শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৃহস্পতিবার রাত ১২টার দিকে দুর্লভপুর ইউনিয়নের রঘুনাথপুর সীমান্ত দিয়ে বিএসএফ'র একদল জওয়ান বাংলাদেশ ভূ-খণ্ডের ১৩শ' গজ ভেতরে ঢুকে পড়ে। বিডিআর চ্যালেঞ্জ জানালে তারা বেপরোয়াভাবে গুলি চালায়।"
নয়া দিল্লিতে ভারত-বাংলাদেশ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক চলার সময় বিএসএফ দুই বিডিআর সদস্যকে হত্যা করল। বৃহস্পতিবার শুরু হওয়া দু'দিনব্যাপী এ বৈঠকে সন্ত্রাসবাদ মোকাবেলাসহ বিভিন্ন সমস্যা নিয়ে দু'দেশের মধ্যে আলোচনা হয়।
কর্নেল গোলাম কিবরিয়া জানান, রঘুনাথপুর গ্রামের লোকজন বাংলাদেশ ভূ-খণ্ডে বিএসএফের প্রবেশের খবর বিডিআরকে জানালে হাবিলদার আব্দুল হান্নান সরকার টহলদল নিয়ে ঘটনাস্থলে যান। তারা চ্যালেঞ্জ করলে বিএসএফ সদস্যরা বেপরোয়াভাবে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই আব্দুল হান্নান সরকার ও কৃষ্ণপদ সাহা মারা যান।
রাজশাহী সেক্টরের কমান্ডার কর্নেল ইকবাল ও চাঁপাইনবাবগঞ্জ বিডিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সীমান্তে বিডিআর ও বিএসএফ শক্তি বাড়িয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/এসকে/২২১৭ঘ.
bdnews24