২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তীব্র প্রতিবাদ জানিয়েছে বিডিআর

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) দুই সদস্য নিহত হওয়ার ঘটনায় বিডিআরের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2008, 02:54 PM

Updated : 26 Aug 2022, 02:08 PM

ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) দুই সদস্য নিহত হওয়ার ঘটনায় বিডিআরের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। শুক্রবার বিকেলে ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে সদর দপ্তরের পরিচালক (অপারেশন অ্যান্ড ট্রেনিং) কর্নেল মো. আব্দুল হালিম আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে প্রতিবাদ জানান। কর্নেল হালিম বলেন, "বাংলাদেশ সরকার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার নীতিতে বিশ্বাসী। বিএসএফ সদস্যরা সংযমী হলে এ ঘটনা ঘটতো না। তাছাড়া কোনো পক্ষ নিয়ম-নীতি না মানলে তা আগ্রাসী মনোভাব হিসেবে বিবেচিত হবে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।" দুই দেশের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক চলাকালে ট্র্যানজিট ইস্যুতে বাংলাদেশকে চাপে রাখার জন্য অনুপ্রবেশ ও হামলা চালানো হয়েছে বলে মনে করেন কি না- এ প্রশ্নের জবাবে বিডিআর কর্মকর্তা বলেন, "এভাবে চাপ দিলে কোনো লাভ হবে না। তবে এটা কাকতালীয়ও হতে পারে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, এর সঙ্গে ট্র্যানজিট ইস্যুর কোনো সম্পর্ক নেই।" দ'ুদেশের সীমান্তরক্ষীরা যাতে আরো সংযমী ও সহনশীল আচরণ করে, সেজন্য উভয় দেশের মধ্যে শীর্ষ পর্যায়ে বৈঠক করে নিজ নিজ বাহিনীকে নির্দেশনা দেওয়া প্রয়োজন বলেও মত দেন কর্নেল হালিম। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "ঘটনার পর দেশের উত্তরাঞ্চলের সব সীমান্তে বিডিআর সদস্যদের সতর্কাবস্থায় রাখা হয়েছে।" আরেক প্রশ্নের জবাবে কর্নেল হালিম বলেন, "অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়, অতিরিক্ত মদ্যপানে মাতাল বিএসএফ সদস্যরা বাংলাদেশী সীমানায় ঢুকে আতঙ্কিত হয়ে গুলিবর্ষণ শুরু করে। বৃহস্পতিবারের ঘটনাতেও অনুপ্রবেশকারী বিএসএফ সদস্যরা মাতাল ছিল বলে ধারণা করছি আমরা।" ঘটনার বিবরণ দিয়ে কর্নেল হালিম বলেন, বৃহস্পতিবার রাত ১২টার দিকে বিএসএফ এর ঠাকুরবাড়ি বিওপির একটি দল স্পিডবোট ও ইঞ্জিনচালিত নৌকায় করে বাংলাদেশের রঘুনাথপুর সীমান্তে নো-ম্যানস ল্যান্ডের দেড় কিলোমিটার ভেতরে ঢুকে পড়ে। গ্রামবাসীর মাধ্যমে বিষয়টি জানতে পেরে হাবিলদার মো. আব্দুল হান্নানের নেতৃত্বে ৫/৬ সদস্যের একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে বিএসএফ সদস্যদের চ্যালেঞ্জ করে। কিন্তু বিএসএফ সদস্যরা রীতি না মেনে হঠাৎ করে বিডিআর সদস্যদের ওপর গুলি চালায়। এতে হাবিলদার আব্দুল হান্নান ও ল্যান্স নায়েক কৃষ্ণপদ দাস ঘটনাস্থলেই নিহত হন। বিডিআর কর্মকর্তা বলেন, টহল দলের সদস্যরা পরিস্থিতি সামলে নিয়ে পাল্টা গুলি ছুড়তে শুরু করলে বিএসএফ সদস্যরা ইঞ্জিন নৌকা ফেলে রেখে স্পিডবোটে চড়ে দ্রুত পালিয়ে যায়। পরে বিডিআর সদস্যরা বিএসএস এর ফেলে যাওয়া নৌকা থেকে আনজাম হোসেন নামে এক ভারতীয় চোরাকারবারীকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করে। এছাড়া বিএসএফ এর একটি ওয়াকিটকি ও বেশ কয়েকটি টুপিও উদ্ধার করা হয়। আনজামকে বিডিআর হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে কর্নেল হালিম জানান। বিডিআর পরিচালক বলেন, এ ঘটনায় একজন বিএসএফ সদস্যও নিহত হওয়ার কথা তারা জানতে পেরেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/জেকে/এসকে/২০৪৪ঘ.