রুহুল আমিন রানা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
চট্টগ্রাম, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে অপরাধমূলক কর্মকাণ্ডে কিশোরদের জড়িয়ে পড়ার প্রবণতা বাড়ছে। সম্প্রতি পুলিশ ও র্যাবের অভিযানে গ্রেপ্তার হয়েছে অনেক কিশোর। শীর্ষ পর্যায়ের এক কারা কর্মকর্তা জানিয়েছেন, গত দেড় মাসে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ৪৭ জন কিশোরকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে। পুলিশ কর্মকর্তারা জানান, এর মধ্যে ছিন্নমূল কিশোরদের পাশাপাশি নিম্ন মধ্যবিত্তসহ অভিজাত পরিবারের সন্তানরাও রয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের এক শিক্ষক বলছেন, পারিবারিক সংঘাত, দারিদ্র্য, মাদকের প্রসারই কিশোরদের অপরাধে জড়িয়ে পড়ার মূল কারণ।
পুলিশ ও র্যাবের কর্মকর্তারা জানান, গত তিন মাসে যতগুলো অপরাধী দল ধরা পড়েছে, তার প্রতিটিতেই একাধিক কিশোর ও তরুণ সদস্য পাওয়া গেছে। কিশোর ও তরুণদের নিয়ে গঠিত ছিনতাইকারী ও ডাকাত দলের সন্ধানও পেয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
চট্টগ্রাম কারাগারের সিনিয়র জেল সুপার আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত দেড় মাসে ৪৭ জন কিশোরকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে।
গত ৯ জুলাই নগরীর পতেঙ্গায় রুবি সিমেন্টের এক কর্মকর্তার বাসায় বিয়ের কার্ড বিলি করার নামে পাঁচ জনের একটি দল বাসায় ঢুকে স্বর্ণালংকার লুট করে পালানোর সময় র্যাবের হাতে ধরা পড়ে। এ দলের সদস্য কাজী শাহরিয়ার (১৪) ও সানিউদ্দিন অপু (১৬) স্কুলছাত্র এবং সাঈদ হাসান বাপ্পী (১৮) ও মো. ইকরামুল হক (১৭) সদ্য স্কুলের গণ্ডি পেরিয়েছে।
এর একদিন আগে অলংকার মোড়ে গণপিটুিনতে নিহত অজ্ঞাত তিন ছিনতাইকারীর বয়স ছিল ১৭ থেকে ২০ এর মধ্যে। ওই সময় ধরা পড়া ছিনতাইকারী দলের পাঁচ সদস্যও ছিল কিশোর।
গত সপ্তাহে কোতোয়ালি থানা পুলিশ ডাকাতির অভিযোগে সাত কিশোরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত করিম, রাজু, নাহিদ ও সাইফুল সাংবাদিকদের জানায়, সামান্য পরিশ্রমেই প্রচুর টাকা পাওয়া যাবে ভেবে তারা এ ঝুঁকি নিতে রাজি হয়।
দরিদ্র পরিবারের এ সন্তানরা কোনোকিছু ভালোভাবে না বুঝেই নিষিদ্ধ কাজে রাজি হয়ে যায়
bdnews24