ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের চকরিয়ায় বুধবার বেবিট্যাক্সি ও জিপের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। কুমিল্লার চৌদ্দগ্রামে বাস-ট্রাক মুখোমুখী সংঘর্ষে মারা গেছেন একজন।
এছাড়া বাগেরহাটে মঙ্গলবারের এক সড়ক দুর্ঘটনায় আহত দুজন বুধবার মারা গেছেন।
আমাদের কক্সবাজার প্রতিনিধি জানান, চকরিয়ার বাটাখালী এলাকায় বুধবার সকালে বেবিট্যাক্সি ও জিপের সংঘর্ষে ঘটনাস্থলে দুজন নিহত এবং চালকসহ চারজন আহত হন।
নিহতরা হলেন- মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের মাইজপাড়া গ্রামের আবুল হোসেন (৬০) ও আবুল কালাম (৪২)।
আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, চকরিয়ার চিরিংগা স্টেশন এলাকা থেকে পাঁচ যাত্রী নিয়ে একটি বেবিট্যাক্সি বদরখালী যাচ্ছিল। সকাল ১১টার দিকে এটি বাটাখালীর রুহুল কাদের মিয়ার টেকে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী জিপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুই ট্যাক্সি যাত্রী মারা যান।
পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
কুমিল্লা প্রতিনিধি জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চৌদ্দগ্রামের গিনাগাজী এলাকায় বুধবার দুপুরে বাস-ট্রাক সংঘর্ষে মো. মমিনুল হক নামে এক সেনা সদস্য মারা গেছেন। এছাড়া বাসের ১০ জন যাত্রী আহত হন।
আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চৌদ্দগ্রামের গিনাগাজী এলাকায় বুধবার দুপুরে চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী সৌদিয়া পরিবহনের একটি বাস এবং ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মমিনুল হক নিহত হন।
তিনি আরও জানান, মমিনুল চট্টগ্রাম সেনানিবাসে কর্মরত ছিলেন। চাচার মৃত্যু সংবাদ পেয়ে তিনি গ্রামের বাড়ি কুমিল্লার বুড়িচং যাচ্ছিলেন।
বাস ও ট্রাক আটক করা হয়েছে। এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানায় একটি মামলা হয়েছে।
বাগেরহাট প্রতিনিধি জানান, রামপালে মঙ্গলবার বাসের চাকায় পিষ্ট আরও দুজন বুধবার দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
এরা হলেন- রামপালের ঝনঝনিয়া এলাকার নজমুল ইসলাম (৪০) এবং শিবনগর গ্রামের ফজলুর রহমান তরফদার (৪৫)। এ নিয়ে ওই দুর্ঘটনায় মৃতের সংখ্যা হলো ৬।
মঙ্গলবার বিকেলের ওই দুর্ঘটনায় ঘটনাস্থলে মারা যান নূরুল ইসলাম (৩৫), মঞ্জু (৩০), বিষ্ণু প্রসাদ অধিকারী (৫২) ও বিষম্বর মণ্ডল বিষু (৬৫)।
আহত আরও ১৮ জন বাগেরহাট ও খুলনার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ঘটনায় নিহত মঞ্জুর মামা আব্দুর রাজ্জাক শেখ তিনজনকে আসামি করে রামপাল থানায় একটি হত্যা মামলা করেছেন।
আসামিরা হলেন- বাস চালক মিলন শেখ এবং দুই হেলপার ইব্রাহিম ও রুহুল আমিন। বুধবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/২১৪৬ ঘ.
bdnews24