ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জরুরি অবস্থা জারির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে চার আইনজীবী করা রিট আবেদনের ওপর শুনানি গ্রহণ অব্যাহত আছে। বৃহস্পতিবারও তা চলবে।
বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মাশুক হোসেন আহমেদের বেঞ্চ বুধবার তৃতীয় দিনের মতো রিটের ওপর শুনানি গ্রহণ করে।
রিটকারীদের পক্ষের আইনজীবী এম আই ফারুকী আদালতকে বলেন, প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি দেশে জরুরি অবস্থা জারি করতে পারেন। কিন্তু সংবিধানের ৫৮ ঘ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতিকে এ বিষয়ে কোনো পরামর্শ দিতে পারেন না।
তিনি আরো বলেন, গতবছরের জানুয়ারিতে তৎকালীন প্রধান উপদেষ্টা ড. ইয়াজউদ্দিন আহম্মদ রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মদকে জরুরি অবস্থা জারির জন্য যে পরামর্শ দেন তা স্পষ্টত সংবিধানের লঙ্ঘন।
সরকার পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নাঈমা হায়দার শুনানিতে বলেন, ২০০৭ সালের জানুয়ারি মাসে দেশে রাজনৈতিক দলগুলোর হানাহানি, হরতাল, বিক্ষোভসহ এমন অবস্থা বিরাজ করছিল যাকে অভ্যন্তরীণ গোলযোগ বলা যায়। দেশের নিরাপত্তা ও অর্থনৈতিক জীবন হুমকির সম্মুখীন হয়েছিল। তাই রাষ্ট্রপতি সাংবিধানিক ক্ষমতাবলে জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন। এতে সংবিধানের কোনো লঙ্ঘন হয়নি।
গত ১৩ জুলাই সুপ্রিম কোর্টের আইনজীবী এম সলিমুল্লাহ, মহসিন রশিদ, নাহিদ সুলতানা যুথি ও আবদুল মান্নান খান রিটটি দায়ের করেন।
এতে গতবছর ১১ জানুয়ারি জরুরি অবস্থা ঘোষণার আদেশ, সংবিধানের তৃতীয় অধ্যায়ের মৌলিক অধিকার স্থগিতের আদেশ, জরুরি ক্ষমতা অধ্যাদেশ ও বিধিমালা জারির বৈধতা চ্যালেঞ্জ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/২০২০ ঘ.
bdnews24