২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে হত্যা মামলায় তিন জনের যাবজ্জীবন

রিকশাচালক মিলটন হত্যা মামলায় এক নারীসহ তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জয়পুরহাটের একটি আদালত। জয়পুরহাটের জেলা ও দায়রা জজ আব্দুল হামিদ বুধবার এ মামলার রায় দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2008, 10:30 AM

Updated : 26 Aug 2022, 02:07 PM

জয়পুরহাট, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রিকশাচালক মিলটন হত্যা মামলায় এক নারীসহ তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জয়পুরহাটের একটি আদালত। জয়পুরহাটের জেলা ও দায়রা জজ আব্দুল হামিদ বুধবার এ মামলার রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার দরগাপাড়া গ্রামের জায়বর আলীর ছেলে হাসান (৩৫), দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার পাইকরপাড়া গ্রামের শাজাহান আলীর ছেলে ছানোয়ার (৪০) এবং ছানোয়ারের স্ত্রী নিলুফা ইয়াসমীন (৩০)। এদের মধ্যে ছানোয়ার ও নিলুফা পলাতক। রায়ে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি এই তিন জনের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অর্থ দিতে ব্যর্থ হলে তাদের আরও এক বছর কারাভোগ করতে হবে। অপরাধ প্রমাণিত না হওয়ায় মামলার অপর পাঁচ আসামিকে খালাস দিয়েছে আদালত। মামলার বিবরণে জানা যায়, ১৯৯৯ সালের ৪ এপ্রিল রিকশা ভাড়ার নাম করে পাঁচবিবি উপজেলার মালিদহ গ্রামের মমতাজ উদ্দীনের ছেলে মিলটনকে আসামিরা বাড়ি থেকে ডেকে নেয়। পরে রিকশাটি ছিনতাই করে মিলটনকে হত্যা করে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ইসলা গ্রামের একটি সেতুর নিচে ফেলে রাখা হয়। এ ঘটনায় নিহতের বাবা মমতাজ উদ্দীন বাদি হয়ে পাঁচবিবি থানায় হত্যা মামলা দায়ের করে। তদন্ত শেষে পুলিশ আট জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬২৬ ঘ.