ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিটি ও পৌর এলাকায় নির্বাচনী প্রচারণা তদারকি করতে তিনটি কমিটি গঠন করবে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়। ভিজিল্যান্স ও অবজারভেশন টিম, নির্বাচন মনিটরিং টিম ও আইন শৃঙ্খলা রক্ষাকারী সেল নামের এই তিন কমিটি নির্বাচনী আইন ও বিধির যথার্থ প্রয়োগ নিশ্চিত করতে নির্বাচনী এলাকায় কাজ করবে।
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় মঙ্গলবার এ সংক্রান্ত পরিপত্রও জারি করেছে। ওই পরিপত্রে বিধানাবলী যথাযথ অনুসরণ ও কার্যকর প্রয়োগ এবং নির্বাচনে নিরপেক্ষতা বজায় রাখতে এসব কমিটি গঠনের জন্য সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে বলা হয়েছে।
এ ব্যাপারে ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সহকারি সচিব (পৌর) মো. আবদুল বাতেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সিটি ও পৌর নির্বাচনের আইন ও বিধির যথার্থ প্রয়োগ নিশ্চিত করতে ভিজিল্যান্স ও অবজারভেশন টিম, নির্বাচন মনিটরিং টিম ও আইন শৃঙ্খলা রক্ষাকারী সেল গঠনের সিদ্ধান্ত নিয়েছে ইসি সচিবালয়।
ভিজিল্যান্স ও অবজারভেশন টিম: আচরণবিধি যথাযথ প্রতিপালিত হচ্ছে কিনা, নির্বাচনী ব্যয়সীমা মেনে চলছে কিনা এবং বিধি লঙ্ঘনের বিষয় তদারকি করবে এই কমিটি। কমিটি থানা বা ফৌজদারি আদালতে অভিযোগ দায়েরও করবে। এই কমিটি প্রতি তিনদিন পরপর ইসিকে প্রতিবেদন জমা দেবে।
নির্বাচন মনিটরিং টিম: ভিজিলেন্স ও অবজারভেশন টিমের এবং স্থানীয় পত্রপত্রিকায় প্রকাশিত তথ্য সংগ্রহ করে এই কমিটি ইসিকে সাপ্তাহিক প্রতিবেদন দেবে।
আইন শৃঙ্খলা রক্ষাকারী সেল: এই কমিটি সরেজমিনে আইন শৃঙ্খলার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে, সকল এলাকায় নজরদারি জোরদার করবে, গোলযোগপূর্ণ এলাকায় টহল দেবে এবং আইন শৃঙ্খলা বিষয়ে ইসিকে নিয়মিত অবহিত করবে।
ইসি সচিবালয়ের উপ সচিব সৈয়দ মো খুরশিদ আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আচরণবিধি লঙ্ঘনের শাস্তি অনধিক ছয় মাসের কারাদণ্ড অথবা অনধিক ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড। যদি কোনো উৎস হতে প্রাপ্ত রেকর্ড বা মৌখিক বা লিখিত রিপোর্ট পেলে ইসির কাছে তা প্রতীয়মান হলেই প্রার্থী নির্বাচিত হবার অযোগ্য হতে পারেন। ইসি তাৎক্ষণিক তদন্তের নির্দেশ দিতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/এমএ/১৪৫০ ঘ.
bdnews24