২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিলং ও গৌহাটিতে বাস চালুর প্রস্তাব দেবে বাংলাদেশ

বাংলাদেশ নয়াদিল্লিতে আসন্ন পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে ঢাকা থেকে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর শিলং ও গৌহাটিতে সরাসরি বাস চালুর প্রস্তাব দেবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মো. তৌহিদ হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2008, 04:39 PM

Updated : 26 Aug 2022, 02:07 PM

ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ নয়াদিল্লিতে আসন্ন পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে ঢাকা থেকে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর শিলং ও গৌহাটিতে সরাসরি বাস চালুর প্রস্তাব দেবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মো. তৌহিদ হোসেন। মঙ্গলবার তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঢাকা-গৌহাটি ও ঢাকা-শিলং রুটে সরাসরি বাস সার্ভিস চালুর প্রস্তাব দেবো আমরা।" মূলত: ভারতের 'ট্র্যানজিট' প্রস্তাবের বিপরীতে বাংলাদেশ এ প্রস্তাব দেবে বলে জানান তিনি। আগামী ১৭ ও ১৮ জুন ভারতের রাজধানী নয়াদিল্লিতে সচিব পর্যায়ের এ বৈঠক অনুষ্ঠিত হবে। কয়েকদিন আগে ভারতের হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী জানিয়েছিলেন, আসন্ন সচিব পর্যায়ের বৈঠকে উত্তর-পূর্বাঞ্চলীয় সাতটি প্রদেশের সঙ্গে দ্রুত যোগাযোগ স্থাপনে বাংলাদেশের ভেতর দিয়ে ট্র্যানজিট সুবিধা চাইবে ভারত। ভারতের প্রস্তাবে বাংলাদেশ রাজি হবে কী না জানতে চাইলে মঙ্গলবার পররাষ্ট্র সচিব বলেন, "আপনাদের কি মনে হয়, আমরা এমন সুবিধা দেব?" তিনি জানান, দীর্ঘ ২৮ বছর পর সমুদ্রসীমা নির্ধারণের বিষয়েও আলোচনা করতে সম্মত হয়েছে দুই দেশ। এর আগে বাংলাদেশ সমুদ্রসীমা নির্ধারণে ভারতের সঙ্গে আলোচনা করতে চাইলেও ভারত রাজি হয়নি। সচিব বলেন, "এখন ভারতই এ ব্যাপারে আলোচনা করতে আগ্রহী।" ১৯৮০ সালের ২ থেকে ৫ ডিসেম্বর শেষবার দু'দেশের সমুদ্রসীমা নির্ধারণ করা হয়। এছাড়া বৈঠকে ভারতকে প্রতিশ্র"তির চেয়ে বাড়তি একলাখ টন চাল রপ্তানি করারও অনুরোধ জানানো হবে বলে তৌহিদ হোসেন জানান। গত ডিসেম্বরে বাংলাদেশ সফরের সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জী বাংলাদেশে পাঁচ লাখ টন চাল রপ্তানির প্রতিশ্র"তি দেন। কিন্তু ভারত এ পর্যন্ত মাত্র এক লাখ টন চাল সরবরাহ করেছে। অভ্যন্তরীণ ঘাটতির জন্য ভারত চাল রপ্তানির ক্ষেত্রে নিয়ন্ত্রণ আরোপ করেছে। বার্ষিক এই বৈঠকে যোগ দিতে বাংলাদেশের চার সদস্যের প্রতিনিধি দল নিয়ে পররাষ্ট্র সচিব বুধবার দিল্লির উদ্দেশে রওনা দেবেন। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ও ভারতের মধ্যে ১৯০ কোটি ডলারের বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার বিষয়ে বৈঠকে আলোচনা করবে বাংলাদেশ। এজন্য ভারতের বাজারে বাংলাদেশের পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার, অন্যান্য বাধা তুলে নেওয়া ও একটি সমন্বিত মাননিয়ন্ত্রণ কাঠামো অনুমোদনের বিষয়ে আলোচনা করা হবে। এছাড়া ভারতীয় সীমান্ত রক্ষীদের (বিএসএফ) সীমান্তে 'বাংলাদেশী নাগরিক হত্যা' ও দু'দেশের মধ্যকার অভিন্ন নদীর পানি ভাগাভাগি বিষয়েও আলোচনা করবে বাংলাদেশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/এসকে/