বাগেরহাট, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রামপাল উপজেলায় মঙ্গলবার বিকেলে বাস চাপায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন।
বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খুলনা-মংলা মহাসড়কের ভাগা বাজারে ঢুকে পড়ে জনতাকে চাপা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। এদিন হাটবার ছিল।
দুর্ঘটনার পর বাসটি খুলনার দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে জনতা ধাওয়া করে। পরে পুলিশের সহায়তায় প্রায় আড়াই কিলোমিটার দূরে খুলনা- মংলা রোডের রনসেন এলাকা থেকে বাসটি আটক করা হয়। গ্রেপ্তার করা হয় বাসের চালক ও তার দুই সহাকারীকে।
নিহতরা হলেন- রামপালের ঝনঝনিয়া গ্রামের নূরুল ইসলাম (৩৫), মালিডাঙ্গা গ্রামের মঞ্জু (৩০) এবং কালেখার বেড় গ্রামের বিষ্ণু প্রসাদ অধিকারী (৫২)।
আহতদের মধ্যে ১২ জনকে রামপাল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে আরও ১০ জনকে। কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনাস্থলে থাকা রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মংলা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো চ ৩৭৩৭) বিকাল সাড়ে ৫টা নাগাদ রামপাল উপজেলার ভাগার মোড়ে পৌঁছায়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা চারটি টেম্পু, তিনটি ভ্যানরিক্সা ও একটি পিকআপকে ধাক্কা দিয়ে জনতার উপর উঠে পড়ে।
ওসি জানান, বাস চাপায় ঘটনাস্থলে তিনজন মারা গেছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন।
প্রতক্ষদর্শী ভাগা বাজারের ব্যবসায়ী ঝন্টু জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের রামপাল স্বাস্থ্য কেন্দ্রসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় ১০ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
দুর্ঘটনার খবর পেয়ে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেমায়েত হোসেন, বাগেরহাট সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার অশোক কুমার মণ্ডল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০০১ ঘ.
bdnews24