ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে দুর্নীতি দমন কমিশন (দুদক) দুর্নীতি বিরোধী অভিযানে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে বলে জানিয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।
কমিশনের স্থায়ীত্বের বিষয়ে গত ১২ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত ইউএনডিপি পরিচালিত এক জরিপের প্রাথমিক ফলাফলে এ তথ্য জানানো হয়। কমিশনের অনুরোধে ইউএনডিপি এ গবেষণা চালায়।
মঙ্গলবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে এ সম্পর্কে সাংবাদিকদের জানান ইউএনডিপি'র আবাসিক প্রতিনিধি রেনেটা ডেজালিয়েন, দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক কর্নেল হানিফ ইকবাল ও গবেষণা দলের পরামর্শক মাইকেল টিএইচ জনসন।
মাইকেল টিএইচ জনসন বলেন, "দুর্নীতি দমন কমিশন গত ১৮ মাসে দুর্নীতি বিরোধী কর্মকাণ্ডে কার্যকর পদক্ষেপ গ্রহণে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।"
গবেষণা পদ্ধতি সম্পর্কে জনসন বলেন, "গবেষণার জন্য যথেষ্ট কার্যকর পদ্ধতি ব্যবহার করা হয়েছে। এটা মূলত সাক্ষাৎকার ভিত্তিক। এখানে বেশকিছু কমিশন কর্মকর্তা, কিছু বিশেষজ্ঞের সাক্ষাৎকার ও বিভিন্ন কেস স্টাডি পর্যালোচনা করা হয়েছে।"
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এটা একটি স্থায়িত্ব বিষয়ক গবেষণা (সাসটেইনিবিলিটি স্টাডি)। সামনের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে কমিশনের সামর্থ্য আরো বাড়ানো দরকার। ইউএনডিপি'র মাধ্যমে আমরা এক সপ্তাহের মধ্যে গবেষণা প্রতিবেদন কমিশনকে দেব।"
তিনি জানান, সব সাক্ষাৎকারদাতাই ভবিষ্যতে কমিশনকে টিকিয়ে রাখার ব্যাপারে মত দিয়েছেন। এজন্য কমিশনের সামর্থ্য বাড়াতে হবে।
দুর্নীতি কমাতে কমিশন প্রতিরোধমূলক ও শাস্তিমূলক দু'ধরনের ব্যবস্থাই নিচ্ছে বলে জানান জনসন।
কর্নেৃল হানিফ ইকবাল বলেন, "দুর্নীতি দমন কমিশনের কর্মকাণ্ড ও এর স্থায়িত্ব পর্যালোচনা করতে গবেষণাটি চালানো হয়েছে। আর এ ধরনের গবেষণা চালানোর জন্য আমরা ইউএনডিপিকে দেশের গুরুত্বপূর্ণ একটি সংস্থা মনে করি।"
রেনেটা ডেজালিয়েন বলেন, "দুর্নীতির কারণে প্রতি বছর বাংলাদেশের জাতীয় আয়ের (জিডিপি) এক শতাংশ অপচয় হয়। এটা অনেক বড় ধরনের অপচয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/এমএ/১৯২২ ঘ.
bdnews24