২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাইকোর্টের রুল: 'সিটি ও পৌর নির্বাচনের তফসিল কেন অবৈধ ঘোষণা করা হবে না'

চূড়ান্ত ভোটার তালিকা ছাড়া চার সিটি করপোরেশন ও নয় পৌরসভায় নির্বাচনের জন্য ঘোষিত তফসিল কেন অবৈধ ঘোষণা করা হবে না তার কারণ দর্শাতে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি রুলনিশি জারি করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2008, 11:22 AM

Updated : 26 Aug 2022, 02:07 PM

ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চূড়ান্ত ভোটার তালিকা ছাড়া চার সিটি করপোরেশন ও নয় পৌরসভায় নির্বাচনের জন্য ঘোষিত তফসিল কেন অবৈধ ঘোষণা করা হবে না তার কারণ দর্শাতে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি রুলনিশি জারি করেছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি এমদাদুল হকের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। জামায়াত নেতা অ্যাডভোকেট জসিম উদ্দীন সরকারের দায়ের করা রিট আবেদনের ওপর দুই দিন শুনানি শেষে হাইকোর্ট রুল জারি করে। প্রধান উপদেষ্টা, নির্বাচন কমিশন, সরকারের আইন সচিব, মন্ত্রিপরিষদ সচিব ও রাষ্ট্রপতির সচিবকে আগামী আট দিনের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। রিটকারীর পক্ষে শুনানিতে অংশ নেন, ব্যারিস্টার মাসুদ রেজা সোবহান। শুনানিতে তিনি বলেন, ভোটার তালিকা অধ্যাদেশ অনুযায়ী নতুন ভোটার তালিকার আলোকে নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু নতুন কোনো ভোটার তালিকা এখনো হয়নি। তাই এই নির্বাচনও হতে পারে না। তিনি আরো বলেন, অধ্যাদেশে বলা হয়েছে সিটি ও পৌর নির্বাচনে কোনো রাজনৈতিক দল অংশ নিতে পারবে না- যা গণতন্ত্রের পরিপন্থী। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটারের প্রার্থী বেছে নেওয়ার অধিকার রয়েছে। গত ৬ জুলাই রিটটি দায়ের করা হয়। নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন এ বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''এ ধরনের রিট আবেদন সঠিক নয়। কারণ, নতুন ভোটার তালিকার ভিত্তিতেই স্থানীয় সরকারের সিটি ও পৌর নির্বাচন হচ্ছে। যেসব এলাকায় ভোটার তালিকা চূড়ান্ত হচ্ছে, সেসব এলাকায় পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন করা হবে। অক্টোবরে সারাদেশের তালিকা পাওয়ার পরই জাতীয় নির্বাচন হবে।'' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএল/এমএইচসি/এমএ/১৭১৩ ঘ.