২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কমিটি ও ভিজিল্যান্স টিম গঠনের সিদ্ধান্ত

গণপরিবহনে সরকার নির্ধারিত হারের অতিরিক্ত ভাড়া আদায় এবং যাত্রী হয়রানি রোধে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি এবং সব পর্যায়ের প্রতিনিধিদের নিয়ে কয়েকটি ভিজিল্যান্স টিম গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2008, 11:13 AM

Updated : 26 Aug 2022, 02:07 PM

ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণপরিবহনে সরকার নির্ধারিত হারের অতিরিক্ত ভাড়া আদায় এবং যাত্রী হয়রানি রোধে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি এবং সব পর্যায়ের প্রতিনিধিদের নিয়ে কয়েকটি ভিজিল্যান্স টিম গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। যোগাযোগ, বাণিজ্য, জ্বালানি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের নিয়ে আগামী এক মাসের মধ্যেই কমিটি গঠন এবং ভিজিল্যান্স টিমের মাধ্যমে নিয়মিত পরিদর্শনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন যোগাযোগ সচিব ড. মাহবুবুর রহমান। মঙ্গলবার সচিবালয়ে যোগাযোগ মন্ত্রণালয়ের সভাকক্ষে পরিবহন ব্যবসায়ীদের সঙ্গে সরকারের একটি বৈঠক হয়। সভায় বাস মালিকরা সরকার নিয়ন্ত্রিত বিআরটিসির পরিবহন সেবা বন্ধের দাবি জানায়। যোগাযোগ সচিবের সভাপতিত্বে ওই সভায় বিআরটিএ'র চেয়ারম্যান সুনীল কান্তি বোস, বাস মালিক সমিতির সভাপতি গোলাম মোহাম্মদ সিরাজ (জিএম সিরাজ), মহাসচিব আশরাফ হোসেন খান, অ্যাসোসিয়েশন অব বাস কোম্পানিজ-এর সভাপতি রফিকুল হোসেন কাজলসহ বিভিন্ন মন্ত্রণালয় এবং সংস্থার কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভা শেষে মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, "যাত্রীদের কাছে থেকে সরকার নির্ধারিত ভাড়ার বেশি আদায় না করতে বাস মালিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। মালিকদের পক্ষ থেকেও প্রতিশ্র"তি মিলেছে। তারা বলেছেন, অতিরিক্ত ভাড়া আদায় না করার জন্য তারা তাদের কর্মীদের নির্দেশনা দেবেন।" সচিব জানান, পরিবহন মালিকদের পক্ষ থেকে টায়ারের মূল্যবৃদ্ধি এবং বিভিন্ন স্থানে গাড়িতে হামলাসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরা হয়েছে। তিনি বলেন, "বাস ঠিকমতো চলতে না পারলে মালিকরা তো ক্ষতিগ্রস্ত হবেনই, একই সঙ্গে যাত্রীরাও ক্ষতিগ্রস্ত হবেন। তাদের হয়রানি বাড়বে। এ বিষয়েও সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।" মাহবুবুর রহমান বলেন, "বাস মালিকদের পক্ষ থেকে বিআরটিসি'র ব্যবসা বন্ধ করার দাবি জানানো হয়। তারা মনে করছেন, এ সংস্থার কারণে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কিন্তু বাংলাদেশে এখনও তেমন পরিবেশ সৃষ্টি হয়নি যে সরকার নিয়ন্ত্রিত পরিবহন বন্ধ করে দিতে হবে। যদি এমন পরিবেশ সৃষ্টি হয়, তবে সরকারের এ সংস্থা রাখার প্রয়োজন হবে না। সঙ্কট মুহূর্তের কথা বিবেচনায় রেখেই এ সংস্থা চালানো হচ্ছে।" সভায় সরকারের পক্ষ থেকে পরিবহনে শিশু ও প্রতিবন্ধীদের সুবিধা বাড়ানো এবং পরিবহন খাতে নারী চালক, হেলপার ও কন্ডাকটর নিয়োগের জন্য পরিবহন মালিকদের প্রতি আহ্বান জানানো হয়। এক্ষেত্রে প্রয়োজনে সরকারি উদ্যোগে প্রশিক্ষণের আশ্বাস দিয়েছেন যোগাযোগ সচিব। সভায় বিআরটিএ'র চেয়ারম্যান সুনীল কান্তি বোস জানান, তার কাছে যাত্রী হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে প্রতিদিনই বহু অভিযোগ আসছে। তিনি বলেন, "হয়রানি বন্ধে পরিবহন মালিক ও সরকারের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।" বাস মালিক নেতা জিএম সিরাজ সাংবাদিকদের বলেন, "বাস মালিকরা সরকার নির্ধারিত ভাড়ার বেশি নিতে পারবে না। তাই তুলনামূলক কম হলেও যাত্রীদের সামর্থ্যরে বিবেচনা করেই আমরা নতুন ভাড়ার হার মেনে নিয়েছি। আমরা প্রতিশ্র"তি দিয়েছি, যদি কেউ বেশি ভাড়া নেয় তবে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৭১২ ঘ.