ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশে সিডরেরও চেয়ে বড় দুর্যোগের আশংকা প্রকাশ করেছেন কৃষি উপদেষ্টা ড. সি এস করিম।
মঙ্গলবার বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট (বিয়াম) মিলনায়তনে বন ও পরিবেশ মন্ত্রণালয় আয়োজিত "জলবায়ু পরিবর্তন কৌশল ও কর্ম পরিকল্পনা-২০০৮" শীর্ষক এক পরামর্শ সভার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আশঙ্কার কথা বলেন।
সি এস করিম বলেন, "জলবায়ু পরিবর্তনের প্রভাবে দুর্যোগের মাত্রা আরও বাড়বে। সিডর ছিল এর একটি উদাহরণ মাত্র; এর চেয়েও বড় দুর্যোগ হতে পারে। এজন্য জলবায়ু পরিবর্তন সহনীয় রাখতে কর্ম পরিকল্পনা নেওয়া হবে।"
জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বব্যাপী বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, "এ পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে বাংলাদেশকেও তৈরি হতে হবে। আমাদের গড়ে তুলতে হবে টেকসই উৎপাদন ব্যবস্থা।"
অনুষ্ঠানে দুটি প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) গবেষণা পরিচালক ড. এম আসাদুজ্জামান ও পরিবেশ বিশেষজ্ঞ ড. আইনুন নিশাত।
ড. এম আসাদুজ্জামান বলেন, "জলবায়ু পরিবর্তনের ফলে মানুষের জীবন-জীবিকার ওপর প্রভাব পড়বে, দুর্যোগ, বন্যা ও সাইক্লোন বাড়বে। এর প্রভাব থেকে রক্ষার জন্য এখন থেকেই প্রস্তুত হতে হবে।"
ড. আইনুন নিশাত বলেন, "যেসব কারণে জলবায়ু পরিবর্তন হচ্ছে তা কমাতে হবে। এজন্য সবাইকে এগিয়ে আসতে হবে। মানুষের সচেতনতা বাড়াতে হবে।"
বন ও পরিবেশ সচিব এএইচএম রেজাউল কবীরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বন ও পরিবেশ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ কামার মুনীর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এএল/এমএ/১৬৪৫ ঘ.
bdnews24