ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেল হত্যা মামলার নিু আদালতের রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানির দ্বিতীয় দিনে সোমবার আসামি অবসরপ্রাপ্ত মেজর বজলুল হুদা ও মেজর এ কে এম মহিউদ্দিন আহমেদ পক্ষে ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন দাবি করেন, এ হত্যার পেছনে তৃতীয় কোনো শক্তির হাত ছিল।
বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ শুনানি গ্রহণ করছে। মঙ্গলবারও তা চলবে।
দ্বিতীয় দিনের শুনানিতে ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন এ মামলার ২ হাজার ৫৪৭ পৃষ্ঠার তিন খণ্ড পেপার বুকের মধ্যে ৮৭০ পৃষ্ঠা পাঠ শেষ করেন।
তিনজন সাক্ষীর জবানবন্দি তুলে ধরে তিনি বলেন, "জেল হত্যার পেছনে তৃতীয় কোনো শক্তির হাত ছিল। কারণ হত্যার একদিন আগে ২ নভেম্বর বিকেলে বঙ্গভবন দখল করেন খালেদ মোশাররফ। এর পরই ঢাকা কেন্দ্রীয় কারাগার এলাকায় রেড এলার্ট জারি করা হয়। বঙ্গভবন থেকে একজন লোক কারাগারে যাবে এমন একটি বার্তাও পাঠানো হয়।"
ব্যারিস্টার মামুন বলেন, এরই ধারাবাহিকতায় রিসালদার মোসলেমউদ্দিন ঘটনার দিন কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেন। এতে প্রমাণিত হয় জেলহত্যার সঙ্গে তৃতীয় কোনো শক্তির হাত রয়েছে। তাছাড়া ওইদিন জিয়াউর রহমান ও খন্দকার মোশতাক আহমেদ নজরবন্দি ছিলেন। আর জাতীয় চার নেতা তখন আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করতেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর ১৯৭৫ সালের ৩ নভেম্বর তার চার ঘনিষ্ঠ রাজনৈতিক সহচর সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, মনসুর আলী ও কামারুজ্জামানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয়।
পরদিন লালবাগ থানায় তৎকালীন পুলিশের ডিআইজি আবদুল আওয়াল ক্যাপ্টেন মোসলেমউদ্দিনসহ চার জনের বিরুদ্ধে মামলা করেন।
দীর্ঘ ২৩ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় এলে ১৯৯৮ সালের ১৫ অক্টোবর এ মামলায় রিসালদার মোসলেমউদ্দিন, লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফারুক রহমানসহ ২৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।
ছয় বছর বিচার প্রক্রিয়া শেষে ২০০৪ সালের ২০ অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ মো. মতিউর রহমান রায় দেন। এতে রিসালদার মোসলেমউদ্দিন খান, দফাদার মারফত আলী ও দফাদার আবুল হাসেম মৃধাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
নিম্ন আদালত লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফারুক রহমান, লেফটেন্যান্ট কর্নেল সুলতান শাহরিয়ার রশিদ খান ও মেজর মো. বজলুল হুদাসহ ১৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
এছাড়া, মেজর মো. খায়রুজ্জামান, কে এম ওবায়দুর রহমান, শাহ মোয়াজ্জেম হোসেন, নুরুল ইসলাম মঞ্জুর ও তাহেরউদ্দিন ঠাকুরকে হত্যার দায় থেকে অব্যাহতি দেওয়া হয়।
মৃত্যুদণ্ড পাওয়া তিন আসামি পলাতক। এছাড়া, যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আসামিদের মধ্যে ১২ জন এখনো গ্রেপ্তার হননি।
রায়ের পরপরই দণ্ডাদেশপ্রাপ্তরা আপিল করে। ল্যান্সার মহিউদ্দিনকে গত বছর যুক্তরাষ্ট্র ফেরত পাঠানোর পর তিনি জেল আপিল করেন।
মামলায় রাষ্ট্রপক্ষে শুনানি করবেন অ্যাডভোকেট আনিসুল হক। আসামি কর্নেল ফারুক ও মেজর মহিউদ্দিন আহমেদের পক্ষে শুনানি করবেন খান সাইফুর রহমান। সুলতান শাহরিয়ার রশিদ খানের পক্ষে থাকবেন আবদুর রেজাক খান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/ ২১৩৫ ঘ.
bdnews24