বগুড়া, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাজাহানপুর উপজেলার নয়মাইল বাজার এলাকায় শনিবার সন্ধ্যায় বাস উল্টে গেলে দুই আরোহী নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত ২৫ জন।
নিহতরা হলেন- পীরগাছা উপজেলা জাতীয় পার্টির সভাপতি শাহ মিজানুর রহমান এবং ঠাকুরগাঁওয়ের হাজীপাড়ার গিয়াসউদ্দীনের ছেলে জহুরুল ইসলাম শান্ত (৪২)।
দুর্ঘটনার কারণে ঢাকা-বগুড়া মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে রাস্তার দুই দিকে সহস্রাধিক যান আটকা পড়ে। প্রায় দুঘণ্টা পর আবার যান চলাচল স্বাভাবিক হয়।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সগীর হোসেন জানান, সন্ধ্যা ৭টার দিকে ঢাকা থেকে ঠাকুরগাঁগামী বাবলু এন্টারপ্রাইজের একটি বাস বগুড়ার শাজাহানপুর উপজেলার নয়মাইল বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই দুই ব্যক্তি মারা যান।
আহত ২৫ জনের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আট জনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অপর ১৭ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
তিনি জানান, দুর্ঘটনা কবলিত বাসটি রাস্তায় পড়ে থাকায় মহাসড়কের দুই পাশেই সহস্রাধিক যান আটকা পড়ে। তবে রাত সোয়া নয়টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/জেকে/২৩০৮ ঘ.
bdnews24