ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কৃষি সাংবাদিকতায় মোনাজাতউদ্দিন ছিলেন পুরোধা ব্যক্তিত্ব। তার প্রতিবেদনের বিষয়বস্তু ও তথ্য উপাত্ত উপস্থাপনায় এতটাই মুন্সীয়ানা ছিল যে, সাধারণ প্রতিবেদকের চোখ এড়ানো ঘটনাকেই তিনি পরিণত করতে পারতেন গুরুত্বপূর্ণ জাতীয় সংবাদে।
'চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিন স্মারক বক্তৃতা- ২০০৮' অনুষ্ঠানে শনিবার প্রধান অতিথির বক্তব্যে এভাবেই মোনাজাতউদ্দিনকে মূল্যায়ন করেছেন সাংবাদিক আতাউস সামাদ।
রাজধানীর পরীবাগে বেসরকারি সংস্থা উন্নয়ন সমুন্নয়ের কার্যালয়ে স্মারক বক্তৃতা আয়োজন করে মোনাজাতউদ্দিন স্মৃতি সংসদ।
সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে আমার দেশ সম্পাদক আতাউস সামাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়, 'কোনো একটি বিষয়ে খবর সংগ্রহের জন্য মোনাজাতউদ্দিন নিজের টাকায় জরিপ ও গবেষণা করতেন। কৃষি সাংবাদিকতায় তিনি ছিলেন একজন পুরোধা ব্যক্তিত্ব। তিনি মাটি, ফসলের গাছ ও পাতা দেখে অবলীলায় ফলনের ভবিষ্যৎ বলে দিতে পারতেন।"
সভাপতির বক্তব্যে উন্নয়ন সমুন্নয়ের চেয়ারম্যান আতিউর রহমান বলেন, 'বিশ্বায়নের যুগে মানুষগুলোও কীভাবে পণ্য হতে পারে তার ইঙ্গিত মোনাজাতউদ্দিন অনেক আগে দিয়ে গেছেন।'
উন্নয়নের জন্য সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, 'কয়েকজনের বাংলাদেশকে সবার হিসেবে গড়ে তোলার জন্য সবার আগে কলম সৈনিকদের এগিয়ে আসতে হবে। আজকের প্রেক্ষাপটে মোনাজাতউদ্দিনের মতো সাংবাদিকের বড় বেশি দরকার।'
'সাংবাদিকতার মোনাজাত পাঠের প্রয়োজনীয়তা' শীর্ষক স্মারক বক্তব্য পড়েন সংবাদ এর সহ সম্পাদক কাজল রশীদ শাহীন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক দীনেশ দাশ। শুভেচ্ছা বক্তব্য দেন মোনাজাতউদ্দিনের স্ত্রী নাসিমা মোনাজাত ইতি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসএনডি/এমএ/২১২২ ঘ.
bdnews24