২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কম্বল কারখানাটিতে বন্দিদের থাকার ব্যবস্থা করবে কারা কর্তৃপক্ষ

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সীমানার ভেতরে অবস্থিত কম্বল কারখানাটি আর চালু করা হবে না। এতে বন্দিদের থাকার ও প্রশিক্ষণের কাজে ব্যবহার করবে কারা কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2008, 01:06 PM

Updated : 26 Aug 2022, 02:06 PM

ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা কেন্দ্রীয় কারাগারের সীমানার ভেতরে অবস্থিত কম্বল কারখানাটি আর চালু করা হবে না। এতে বন্দিদের থাকার ও প্রশিক্ষণের কাজে ব্যবহার করবে কারা কর্তৃপক্ষ। কারা উপ মহাপরিদর্শক সামসুল হায়দার ছিদ্দিকী শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রায় ২৫ বছর পর কম্বল কারখানাটি কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এসেছে। নিরাপত্তার কথা বিবেচনা করে এটিকে আর উৎপাদনমুখি করা হবে না।" তিনি বলেন, "আগে কারখানায় রাতে যখন মেশিন চলতো, লাগোয়ো কারাগারের ভবনগুলো কাঁপতো। এতে বন্দিদের ঘুমের সমস্যা হতো। তাছাড়া ওই কারখানার শ্রমিকদের মাধ্যমে মাদক পাচারেরও অভিযোগ রয়েছে। কারাগারে ভিআইপি বন্দিরা থাকায় কারখানার শ্রমিকদের মাধ্যমে কারাগারের ভেতরে যে কোনো সময় 'স্যাবোটাজ' হতে পারে।" কারা উপ মহাপরিদর্শক জানান, এ কারখানায় অন্তত দেড় হাজার বন্দিকে রাখা যাবে। এতে করে বন্দিদের থাকার সমস্যা কিছুটা হলেও মিটবে। এছাড়া কারখানার একটি অংশ বন্দিদের বিভিন্ন কাজের প্রশিক্ষণ দেয়া হবে। এ জন্য কিছুদিনের মধ্যেই সংস্কার কাজ শুরু হবে। দীর্ঘ ২৫ বছর পর কারা কর্তৃপক্ষ গত বৃহস্পতিবার 'ওর্য়াম মি উলেন মিলস্ লিমিটেড' নামের ওই কম্বল কারখানার দায়িত্ব বুঝে নেয়। ১৯৮৩ সালে কারখানাটি ২৫ বছরের জন্য ইজারা দেয় কারা কর্তৃপক্ষ। মেয়াদ পূর্ণ হওয়ার আগেই ১৯৯০ সালে আবার ৩০ বছরের জন্য ইজারা দেওয়া হয় এটি। বছরে মাত্র ৫০ হাজার টাকা ভাড়ায় কারখানাটি ইজারা দিয়েছিল কারা কর্তৃপক্ষ। নিরাপত্তার কথা বিবেচনা করে কারা কর্তৃপক্ষ গত বছর ইজারা বাতিলের নোটিশ দেয়। ইজারাদার ওই নোটিশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে। শুনানি শেষে হাইকোর্ট গত বৃহস্পতিবার আবেদন খারিজ করে দেয়। ওইদিন বিকেলেই কারা কর্তৃপক্ষ কারখানার দখল নেয়। বিডিনিইজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/১৯০২ ঘ.