ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্র ও সরকার প্রধানকে পুরুষ হতে হবে; নির্বাচনের সময় বিচারিক ক্ষমতা দিতে হবে সেনাবাহিনীকে; আর বায়তুল মোকাররমের খতিবকে দিতে হবে প্রধান বিচারপতির সমমর্যাদা। সরকারের সঙ্গে সংলাপে শনিবার এ প্রস্তাব তুলে ধরেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন।
সংলাপ শেষে যৌথ সংবাদ সম্মেলনে কট্টর ইসলামী এ দলটির মহাসচিব মোহাম্মদ জাফরুল্লাহ খান বলেছেন, চাল-ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে পারলে জনগণ এ সরকারকে কেয়ামত পর্যন্ত ক্ষমতায় রাখত।
শনিবার দলের আমির শাহ আহমাদুল্লাহ আশরাফের নেতৃত্বে খেলাফত আন্দোলনের সাত সদস্যের প্রতিনিধি দল সরকারের সঙ্গে সংলাপে অংশ নেয়।
প্রধান উপদেষ্টা কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে সরকার পক্ষে নেতৃত্ব দেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ। উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরী, স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল এবং শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান।
সংলাপে মোট ৩০ দফা প্রস্তাব দেয় খেলাফত আন্দোলন। এর মধ্যে যুদ্ধাপরাধীদের নির্বাচনে অযোগ্য ঘোষণা, দ্বিপাক্ষিক সংলাপের বিভিন্ন সুপারিশ সমন্বয় করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সব দলকে নিয়ে একটি সংলাপ আয়োজনের প্রস্তাবও রয়েছে। নারী উন্নয়ন নীতি বাতিলের দাবিতে ইসলামী মৌলবাদী সংগঠনগুলোর আন্দোলনের সময় গ্রেপ্তারকৃতদের মুক্তিও দাবি করেছে দলটি।
শিক্ষা উপদেষ্টা হোসেন জিল্লুর সংবাদ সম্মেলনে জানিয়েছেন, সব দলকে নিয়ে একটি সংলাপ করার বিষয়টি সরকারের বিবেচনায়ও রয়েছে।
খেলাফত আন্দোলনের মহাসচিব জাফরুল্লাহ খান বলেন, "বর্তমান সরকার যদি চাল-ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে পারতো তাহলে এ সরকারকে কেয়ামত পর্যন্ত জনগণ ক্ষমতায় রাখতো। কিন্তু তারা তা করতে পারেনি।"
তিনি বলেন, "রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানকে অবশ্যই পুরুষ হতে হবে। সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিয়ে ভোট গ্রহণের দিন মোতায়েন করতে হবে এবং জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিবকে পদাধিকারবলে প্রধান বিচারপতির সমমর্যাদা দিতে হবে।"
এ সব দাবিসহ খেলাফত আন্দোলনের পক্ষে ৩০ দফা প্রস্তাব সংলাপে তুলে ধরা হয়েছে বলে জাফরুল্লাহ খান জানান।
তিনি বলেন, "যুদ্ধাপরাধীদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করা এবং পঙ্গু মুক্তিযোদ্ধাদের বিশেষ সুযোগ সুবিধা দেওয়ার প্রস্তাবও দিয়েছি আমরা। সব মুক্তিযোদ্ধাদের তালিকা ও ইতিহাস প্রকাশ করে তাদের দেশের প্রথম শ্রেণির নাগরিক ঘোষণা করতে হবে।"
গত ২২ মে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে আনুষ্ঠঅনিক সংলাপ শুরু করে সরকার। এর মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল ছাড়াও ব্যবসায়ী প্রতিনিধি, স্থানীয় সরকার প্রতিনিধি ও আঞ্চলিক সংলাপও হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি/এমএআর/এমআই/১৫০০ ঘ.
bdnews24