ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংলাপে বসতে প্রয়োজনে বিএনপিকে আবার চিঠি পাঠাবে সরকার।
শনিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে খেলাফত আন্দোলনের সঙ্গে সংলাপ শেষে যৌথ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান এ কথা জানান।
তিনি বলেন, "সংলাপে সবাইকে সঙ্গে নিয়ে অগ্রসর হওয়ার বিষয়ে আমরা এখনো দৃঢ়প্রতিজ্ঞ। বিএনপির সঙ্গে সরকারের যোগাযোগ অব্যাহত রয়েছে।"
হোসেন জিল্লুর বলেন, "আমি আশা করছি, তারাও (বিএনপি) আলোচনায় অংশ নেবেন। সংলাপে অংশ নেওয়ার জন্য তাদের একবার চিঠি পাঠানো হয়েছে। প্রয়োজনে অবশ্যই আরেকবার চিঠি পাঠানো হবে।"
আওয়ামী লীগের সঙ্গে দ্বিতীয় দফা সংলাপের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হোসেন জিল্লুর বলেন, "এর সময়সূচি তাদের (আওয়ামী লীগ) পক্ষ থেকে জানানোর কথা। তারা এখনও তা জানাননি।"
তিনি বলেন, "দ্বিপক্ষীয় সংলাপ শেষে সর্বপক্ষীয় বৈঠক করার বিষয়ে খেলাফত আন্দোলনের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে। এ বিষয়ে আমাদেরও চিন্তাভাবনা রয়েছে। কবে, কখন এবং কিভাবে এটা হবে; তা পরে জানানো হবে।"
মাওলানা শাহ আহমাদুল্লাহ আশরাফ নেতৃত্বাধীন খেলাফত আন্দোলন দ্বিপক্ষীয় সংলাপের বিভিন্ন সুপারিশ সমন্বয় করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সর্বপক্ষীয় বৈঠকের প্রস্তাব দিয়েছে।
খেলাফত আন্দোলনের সাত সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে সংলাপে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ, পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরী, স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল এবং শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি/এমএআর/এমআই/১৪১৮ ঘ.
bdnews24