ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা বাড়ানোর দাবিতে বৃহস্পতিবার রাত থেকে সারাদেশে শুরু হওয়া লঞ্চ ধর্মঘট শুক্রবার রাতে প্রত্যাহার করা হয়েছে বলে দাবি করেছে মালিক পক্ষ। তবে ধর্মঘট প্রত্যাহারের ব্যাপারে শ্রমিক পক্ষ কোন ঘোষণা দেয়নি। লঞ্চ চলাচল শুরুরও খবর পাওয়া যায়নি। মালিকপক্ষ অবশ্য দাবি করেছে, রাত ১১টার দিকে শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে সমঝোতা হওয়ার পর যৌথভাবে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে।
এর আগে লঞ্চ চলাচল শুরুর জন্য নৌ শ্রমিক-কর্মচারী সমিতির নেতাদের সঙ্গে মালিক সমিতির নেতারা শুক্রবার বিকেল তিনটা থেকে রাত ৮ টায় পর্যন্ত বৈঠক করলেও কোন সিদ্ধান্ত হয়নি। এই বৈঠক সম্পর্কে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়েছে। লঞ্চ চলাচলও শুরু হয়নি।
গভীর রাতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল ও যাত্রী পরিবহন সংস্থার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বদিউজ্জামান বাদল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পল্টনের বৈঠকের সমঝোতা না হওয়ায় মালিক ও শ্রমিক পক্ষের আমরা কয়েকজন তোপখানা রোডের একটি হোটেলে বৈঠকে বসি। সেখানে আলোচনার পর রাত ১১ টার দিকে মালিক পক্ষ ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা যৌথভাবে ধর্মঘটের প্রত্যাহারের ঘোষণা দেন।"
তিনি বলেন, "বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বেতনের ২৫ ভাগ বাড়াতে শ্রমিকদের মূল দাবি আগামী ১৫ দিনের মধ্যে বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হবে।"
ধর্মঘটের কারণে শুক্রবার সারাদিন ঢাকা, বরিশাল, চাঁদপুর, নারায়ণগঞ্জসহ কোথাও থেকে লঞ্চ চলাচল করেনি। লঞ্চ মালিক সমিতি বিকেলে শ্রমিক নেতাদের সঙ্গে দীর্ঘ সময় বৈঠক করলেও কোনো সিদ্ধান্তে আসতে পারেননি তারা।
এদিকে হঠাৎ করে লঞ্চ চলাচল বন্ধ হওয়ায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চাঁদপুরের উপ-পরিচালক আলমগীর কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে বৃহস্পতিবার রাত ১২টা থকে ধর্মঘট শুরু করে লঞ্চ শ্রমিকরা। তবে ফেডারেশনের সহ সভাপতি শাহ আলম দাবি করেছেন, শ্রমিকরা স্বপ্রণোদিত হয়ে ধর্মঘট করছে। ফেডারেশন এ ধর্মঘট ডাকেনি।
শাহ আলম বলেন, "গত দুই বছরে দ্রব্যমূল্য ৪ গুণ বেড়েছে। অথচ লঞ্চ শ্রমিকদের বেতন বাড়েনি। সব মিলিয়ে মাসে তারা মাত্র ১৯শ' টাকা পান। লঞ্চ মালিকরা লাখ লাখ টাকা আয় করলেও শ্রমিকদের বেতন ভাতা বাড়ায়নি।"
বৃহস্পতিবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে এক জরুরি সভায় নতুন বেতন কাঠামো ও মহার্ঘ ভাতার সুপারিশ করার জন্য কমিটি করে দেয়া হয়। এর পরিপ্রেক্ষিতে শ্রমিক নেতারা আপাতত ধর্মঘট না করার আশ্বাস দেন। কিন্তু রাত ১২ থেকে হঠাৎ করেই কাজ বন্ধ করে দেয় লঞ্চের শ্রমিক কর্মচারীরা।
শ্রম ও কর্মসংস্থান সচিব ড. মাহফুজুল হকের সভাপতিত্বে ওই সভায় নৌ মালিক ও শ্রমিক প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। সভায় নৌ শ্রমিকদের বেতন বৃদ্ধির সুপারিশ তৈরির জন্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আজিজুর রহমানকে আহ্বায়ক করে ৬ সদস্যের একটি কমিটি করা হয়। ২০০৯ সালের জানুয়ারি থেকে নতুন বেতন কাঠামো কার্যকর করতে আগামী নভেম্বরের মধ্যে কমিটিকে এই সুপারিশ জমা দিতে বলা হয়। এছাড়া চলতি জুলাই থেকে অর্ন্তবর্তীকালীন সময়ের জন্য মহার্ঘ্য ভাতা ঘোষণার জন্য আগামী ১৫ দিনের মধ্যে একটি সুপারিশ তৈরির সিদ্ধান্ত হয়।
বৃহস্পতিবার সরকারের এক তথ্য বিবরণীতে বলা হয়, নৌ শ্রমিক নেতারা সভায় আপাতত ধর্মঘট স্থগিত রাখার কথা জানিয়েছে।
কিন্তু রাত ১২টা থেকে শ্রমিক কর্মচারীরা লঞ্চ চলাচল বন্ধ করে দেয়।
শুক্রবার সকালে রাজধানীর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সদরঘাটে কোনো লঞ্চ চলাচল করছে না। শুনেছি, বেতন বাড়ানোর দাবিতে শ্রমিকরা কাজ করছে না।"
লঞ্চ চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন হাজার হাজার যাত্রী।
পিএসসি'র একটি পরীক্ষা দিতে বরিশাল থেকে ঢাকা এসেছিলেন মজিবুর রহমান। পরীক্ষা শেষে বরিশাল ফেরার জন্য শুক্রবার দুপুরে সদরঘাটে গিয়ে দেখেন লঞ্চ চলাচল বন্ধ।
তিনি বলেন, "বৃহস্পতিবার সন্ধ্যায় আসার সময়ও ধর্মঘটের কথা শুনিনি। আগে জানলে সদরঘাটে না এসে বাসস্ট্যান্ডে যেতাম।"
বগুড়ার বাবুল বৃদ্ধ মা-বাবাকে নিয়ে সদরঘাটে এসেছিলেন হাতিয়া যাওয়ার লঞ্চ ধরতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদককে তিনি বললেন, "ভাই কখন ধর্মঘট প্রত্যাহার হবে একটু জেনে দেবেন? মা-বাবাকে নিয়ে কীভাবে হাতিয়া যাব বুঝতে পারছি না।"
এক মাসের মেয়েকে নিয়ে বরিশালের আমতলী যাবেন সুমি বেগম। দুপুরে ঢাকার এয়ারপোর্ট এলাকা থেকে সদরঘাটে এসে দেখেন লঞ্চ চলাচল বন্ধ।
সুমি বলেন, "মেঘলা আবহাওয়ার কারণে এতোদিন লঞ্চে যাইনি। আজ (শুক্রবার) আবহাওয়া ভালো দেখে বাড়ি থেকে হয়ে পড়লাম ধর্মঘটে। এখন কীভাবে যাব, বুঝতে পারছি না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের চাঁদপুর প্রতিনিধি জানান, বৃহস্পতিবার রাত ১২টার পর চাঁদপুর থেকে কোনো লঞ্চ ছেড়ে যায়নি। তবে বিভিন্ন স্থান থেকে এর আগে ছেড়ে আসা লঞ্চগুলো ঘাটে যাত্রী নামিয়ে দিয়েছে।
শুক্রবার সারাদিনই ঘাটে কোনো লঞ্চ ছিল না। বেশ কয়েকটি লঞ্চ শহরের পুরনো লঞ্চঘাট এলাকায় বেঁধে রাখা হয়েছে। লঞ্চ না পেয়ে বাস কিংবা অন্য কোনো মাধ্যমে গন্তব্যে রওয়ানা হয়েছেন শত শত যাত্রী। অনেকে আবার বাড়ি ফিরে গেছেন।
চাঁদপুর-ঢাকা রুটে চলাচলকারী ঈগল ও ময়ূর লঞ্চের সুপারভাইজার মো. আলী আজগর বিডিনিউজ টোয়েন্টিফর ডটকমকে বলেন, দীর্ঘদিন ধরে শ্রমিকরা দাবি আদায়ের জন্য আন্দোলনের কথা বলে আসছিল। কিন্তু মালিক পক্ষ তাতে কান দেয়নি। শ্রমিকরা তাই ধর্মঘটে যেতে বাধ্য হয়েছে।
ভোলা ও বরিশাল প্রতিনিধি জানান, বৃহস্পতিবার রাত ১২টার পর এ দুটি জেলাতেও বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের নামে লঞ্চ ধর্মঘট শুরু হয়। শুক্রবার সকাল থেকে কোনো রুটের লঞ্চ ছেড়ে যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এএনএস/জেকে/এমএইচবি/০১৪৫ ঘ.
bdnews24