২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে বাস চাপায় শিশু নিহত, নোয়াখালী ও সাতক্ষীরায় চারটি লাশ উদ্ধার

চাঁদপুরে বাস চাপায় শুক্রবার একটি শিশুর মৃত্যু হয়েছে। নোয়াখালীর মাইজদী শহরে উদ্ধার করা হয়েছে তিনটি নবজাতকের লাশ। এছাড়া সাতক্ষীরার ভাদিয়ালী সীমান্ত এলাকা থেকে পুলিশ একজনের লাশ উদ্ধার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2008, 04:46 PM

Updated : 26 Aug 2022, 02:06 PM

ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরে বাস চাপায় শুক্রবার একটি শিশুর মৃত্যু হয়েছে। নোয়াখালীর মাইজদী শহরে উদ্ধার করা হয়েছে তিনটি নবজাতকের লাশ। এছাড়া সাতক্ষীরার ভাদিয়ালী সীমান্ত এলাকা থেকে পুলিশ একজনের লাশ উদ্ধার করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের চাঁদপুর প্রতিনিধি জানান, সদর উপজেলার কুমারডুগী এলাকায় শুক্রবার বিকেলে সড়ক দুর্ঘটনায় ইউসুফ বেপারী (১২) নামে এক শিশু নিহত হয়েছে। ইউসুফ কুমারডুগী এলাকার মিজানুর রহমান বেপারীর ছেলে। এ ঘটনায় বিক্ষুব্ধ লোকজন প্রায় ৩ ঘন্টা চাঁদপুর-কুমিল্লা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সদর মডেল থানার উপ-পরিদর্শক মেজবাহ উদ্দিন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকেল ৫টার দিকে রাস্তা পার হওয়ার সময় চাঁদপুর থেকে ফরিদগঞ্জগামী একটি বাস ইউসুফকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় এলাকার বিক্ষুব্ধ লোকজন সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ গিয়ে প্রায় ৩ ঘণ্টা চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বাসটি বা চালককে আটক করা যায়নি। নোয়াখালী প্রতিনিধি জানান, মাইজদী শহরের জেনারেল হাসপাতাল সড়ক থেকে শুক্রবার দুপুরে তিনটি নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সুধারাম থানার উপ-পরিদর্শক তোফায়েল আহমেদ জানান, শুক্রবার ভোরে রাস্তার পাশে পলিথিন মোড়ানো অবস্থায় লাশগুলো পড়ে থাকতে দেখ স্থানীয় লোকজন। খবর পেয়ে সুধারাম থানা পুলিশ দুপুরে লাশ উদ্ধার করে। পৌরসভার মাধ্যমে লাশগুলো দাফনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান। সাতক্ষীরা প্রতিনিধি জানান, কলারোয়া উপজেলার ভাদিয়ালী সীমান্ত এলাকা থেকে সকালে পুলিশ একজনের লাশ উদ্ধার করেছে। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর ইসলাম জানান, ধারণা করা হচ্ছে ওই লোক একজন চোরাকারবারী। সহযোগীরা তাকে হত্যা করে ভারত থেকে বাংলাদেশে ফেলে রেখে গেছে। কলারোয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২২৩০ ঘ.