চট্টগ্রাম, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে অস্ত্র ও লুট করা স্বর্ণালংকারসহ আট ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে নগরী ও আশেপাশের কয়েকটি স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- নাজিম উদ্দিন (২৮), রাজু দাশ (১৯), মো. কামাল (২১), মো. জাবেদ (২১), মিন্টু দত্ত (২৪), আহম্মদ করিম (২৫), সাইফুদ্দিন কাদের (২৩) ও মো. নাহিদ (২২)।
মহানগর পুলিশের কোতোয়ালি জোনের সহকারী কমিশনার মোহাম্মদ বাবুল আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রথমে নাজিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয় নগরীর চকবাজার এলাকা থেকে। তার স্বীকারোক্তি অনুযায়ী বাকিদের গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে সাইফুদ্দিন, করিম ও নাহিদকে সিএন্ডবি এলাকা, রাজুকে ফৌজদারহাট থেকে এবং কামাল ও জাবেদকে হাটহাজারী থেকে গ্রেপ্তার করা হয়।
বাবুল আক্তার জানান, গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্য অনুযায়ী নগরীর হাজারী লেইনের চৈতি জুয়েলার্স থেকে আট ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়। ডাকাতরা ওই দোকানে এসব অলঙ্কার বিক্রি করেছিল।
এছাড়া একটি মোটর সাইকেল ও তিন রাউন্ড কার্তুজসহ একটি এলজি উদ্ধার করা হয়েছে।
ওই পুলিশ কর্মকর্তা জানান, এ ডাকাত দলটি গত ১ জুন নগরীর বাকলিয়ায় মো. সিরাজুল ইসলাম নামে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি করেছিল। সেখান থেকে তারা স্বর্ণালঙ্কার, নগদ টাকা, মোবাইল ফোনসহ প্রায় চার লাখ ৭৮ হাজার টাকার মালামাল লুট করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/ডিডি/জেকে/২২২২ ঘ.
bdnews24