ময়মনসিংহ, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদর উপজেলার ঠাকরাকোনা এলাকায় ধলাই নদীতে শুক্রবার বিকেলে ট্রলার ডুবে পাঁচজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন- ১১ মাস বয়সী ইয়াসিন, ওজুফা খাতুন (৩০), অজ্ঞাতনামা দুই নারী ও এক শিশু।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রায় ৩০ জন যাত্রী ও মালামাল নিয়ে ট্রলারটি বিকেল চারটার দিকে সদর উপজেলার ঠাকরাকোনা থেকে বারহাট্টা উপজেলার শাওয়ানিয়া যাচ্ছিল।
ঘাট থেকে ২০০ মিটার উত্তর দিকে যাওয়ার পর ট্রলারটি নদীতে ডুবে যায়। এ সময় অনেকে সাঁতরে তীরে উঠতে পারলেও পাঁচজন মারা যায়।
ওসি বলেন, "ট্রলারটি নদী থেকে উঠানো হয়েছে। আর কোন লাশ পাওয়ার আশঙ্কা নেই।"
নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
অতিরিক্ত যাত্রী ও মালামাল বোঝাইয়ের কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/১৯২০ ঘ.
bdnews24