২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশ এখন নির্বাচনের দিকে: জেনারেল মইন

দেশ এখন নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ। তিনি আশা প্রকাশ করে বলেন, "২০০৯ সালের শুরুতে দেশ একটি সুন্দর সরকার পাবে। অপার সম্ভাবনার এই দেশ সঠিক ও যোগ্য নেতৃত্ব পেলে অচিরেই অনেক দূরে এগিয়ে যাবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2008, 07:19 AM

Updated : 26 Aug 2022, 02:06 PM

পটুয়াখালী, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশ এখন নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ। তিনি আশা প্রকাশ করে বলেন, "২০০৯ সালের শুরুতে দেশ একটি সুন্দর সরকার পাবে। অপার সম্ভাবনার এই দেশ সঠিক ও যোগ্য নেতৃত্ব পেলে অচিরেই অনেক দূরে এগিয়ে যাবে।" শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে পটুয়াখালীর কুয়াকাটায় সিডরে ক্ষতিগ্রস্তদের জন্য ওল্ড রাজশাহী ক্যাডেট অ্যাসোসিয়েশন (অরকা) নির্মিত ঘর বরাদ্দ করার সময় জেনারেল মইন এ কথা বলেন। তিনি আগামী নির্বাচনে যোগ্য ও সৎ নেতৃত্ব নির্বাচিত করার দেশবাসীর কাছে আহ্বান জানান। সেনাপ্রধান বলেন, "নির্বাচনে কেউ ভোট বিক্রি করবেন না। ভোট বিক্রি করলে এক দিন ভালো খেতে পারা যায়। কিন্ত ৫ বছর না খেয়ে উপোষ থাকতে হবে।" সেনাবাহিনীর সহায়তায় ভোটার তালিকা প্রণয়ন প্রসঙ্গে জেনারেল মইন বলেন, "ভোটার তালিকা তৈরিতে সেনা সদস্যদের অবদান দেশের মানুষ চিরদিন মনে রাখবে।" আগের ভোটার তালিকার অনিয়ম ও দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, "ক্রমবর্ধমান জনসংখ্যার এই দেশে নতুন ভোটার তালিকায় ১ কোটি ২০ লাখ ভুয়া ভোটার কমেছে।" সেনাপ্রধান পর্যটন কেন্দ্র কুয়াকাটার সড়ক যোগাযোগ উন্নয়নে ৩টি সেতু দ্রুত নির্মাণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। উদ্বোধনী অনুষ্ঠানে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল রফিকুল ইসলাম, পটুয়াখালীর জেলা প্রশাসক এ. জি. এম. মীর মশিউর আলমসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন অরকা সভাপতি ইঞ্জিনিয়ার সিদ্দিকুর রহমান। সিডরে ক্ষতিগ্রস্ত দুর্গতদের সহায়তায় অরকা কুয়াকাটার খাজুরায় ৫ একর জমিতে ৮০টি পরিবারের জন্য ৮০টি ঘর নির্মাণ করেছে। ওই পল্লীতে একটি মসজিদ, একটি পুকুর, তিনটি গভীর নলকূপও রয়েছে। জেনারেল মইন উ আহমেদ বৃহস্পতিবার দুপুরে দু'দিনের সফরে বাগেরহাট ও পটুয়াখালী জেলায় আসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/জিএনএ/১৩১১ ঘ.