ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চার সিটি করপোরেশন নির্বাচনে ১৪ দলের পক্ষ থেকে সমর্থনের জন্য বৃহস্পতিবার চারজন প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।
রাজশাহী সিটি করপোরেশনে ১৪ দলীয় জোটের সমর্থন পাবেন ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য ফজলে হোসেন বাদশা। সিলেট সিটিতে কারাবন্দি আওয়ামী লীগ নেতা ও বর্তমান মেয়র বদরউদ্দীন আহমেদ কামরান, খুলনায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য তালুকদার আব্দুল খালেক এবং বরিশালে মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক শওকত হোসেন হিরণকে মেয়র প্রার্থী হিসেবে সমর্থন দেবে ১৪ দল।
বৃহস্পতিবার সন্ধ্যায় আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের বাসায় ১৪ দলের বৈঠকে বিষয়টি চূড়ান্ত করা হয়।
বৈঠক শেষে জিল্লুর রহমান সাংবাদিকদের কাছে প্রার্থীদের নাম প্রকাশ করেন।
চার সিটির জন্য প্রার্থী চূড়ান্ত করার বিষয়ে ১৪ দলের নেতাদের মধ্যে গত কয়েকদিন ধরেই আলোচনা চলছিল। সিলেট, খুলনা ও বরিশালে আওয়ামীপন্থী প্রার্থীকে ১৪ দলের পক্ষ থেকে সমর্থন দেয়া নিয়ে কোনো সমস্যা না থাকলেও জটিলতা চলছিল রাজশাহীর মেয়র প্রার্থী নিয়ে।
আওয়ামী লীগের খায়রুজ্জামান লিটন ও ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশা রাজশাহী সিটিতে মেয়র প্রার্থী হিসেবে ১৪ দলের সমর্থন দাবি করলেও জোট শেষ পর্যন্ত বাদশাকেই সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিল।
অবশ্য খায়রুজ্জামান লিটন জানিয়েছেন, দলের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত যাই হোক না কেন, তিনি নির্বাচন করবেন।
বৃহস্পতিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "নাগরিক কমিটি আমাকে প্রার্থী করেছে। এ অবস্থায় আমার সরে দাঁড়ানোর সুযোগ নেই। তৃণমূল নেতাদের সঙ্গে কথা না বলে কেন্দ্র থেকে এই সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে। আমি এতে ক্ষুব্ধ। ওয়ার্কার্স পার্টি ছাড়া রাজশাহীতে ১৪ দলভুক্ত সবাই আমার সঙ্গে রয়েছে। আমি নির্বাচন করবই।"
ফজলে হোসেন বাদশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আওয়ামী লীগ সাংগঠনিকভাবে এর সমাধান করবে। আমি ব্যক্তিগতভাবেও উদ্যোগ নেব।"
১৪ দল সমর্থিত প্রার্থীদের নাম ঘোষণার পর সাংবাদিকরা জিল্লুর রহমানের কাছে জানতে চান, নয়টি পৌরসভায় কারা ১৪ দলের সমর্থন পাবে? এর জবাবে তিনি বলেন, "স্থানীয়ভাবে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।"
এর আগে জিল্লুর রহমান ১৪ দলের পক্ষ থেকে শেখ হাসিনা ও আব্দুল জলিলের নিঃশর্ত মুক্তি, মোহাম্মদ নাসিমকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানো, অবিলম্বে জরুরি অবস্থা প্রত্যাহার, জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও রেশন ব্যবস্থা চালু, ট্রেড ইউনিয়নের কর্মকাণ্ড চালুর অনুমতি এবং যুদ্ধাপরাধীদের বিচারের দাবি জানান।
জিল্লুর রহমানের সভাপতিত্বে প্রায় দেড় ঘণ্টার এ বৈঠক আওয়ামী লীগের আমির হোসেন আমু, তোফায়েল আহমদ, সুরঞ্জিত সেনগুপ্ত, মতিয়া চৌধুরী; ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন ও বিমল বিশ্বাস; জাতীয় সমাজমান্ত্রিক দলের (জাসদ-ইনু) মাঈনুদ্দিন খান বাদল, শিরীন আখতার; গণতন্ত্রী পার্টির নুরুল ইসলাম; গণ আজাদী লীগের আব্দুস সামাদ; ন্যাপের এনামুল হক, আমিনা আহমেদ এবং সাম্যবাদী দলের দিলীপ বড়
bdnews24