ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নয়া দিল্লীতে অনুষ্ঠেয় পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের কাছে ট্রানজিট সুবিধা চাইবে ভারত। আগামী ১৭ জুলাই এ বৈঠক হবে।
একইসঙ্গে আসামের স্বাধীনতাকামী সংঠন 'ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম' (উলফা) এর নেতা অনুপ চেটিয়াকেও ফেরত চাইবে দেশটি। অনুপ বাংলাদেশের কারাগারে বন্দি রয়েছেন।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান।
পিনাক বলেন, "প্রতিটি বৈঠকেই আমরা বিষয়টি (ট্রানজিট সুবিধা) নিয়ে আলোচনা করেছি। প্রতিটি ফোরামেই আমরা ইস্যুটি তুলেছি। বাংলাদেশে ট্রানজিট সুবিধা পাওয়ার বিষয়ে আমাদের আগ্রহ রয়েছে। এ আগ্রহ ভবিষ্যতেও থাকবে।"
পিনাক জানান, ট্রানজিট সুবিধার ব্যাপারে নয়া দিল্লী কোনো সময়সীমা বেঁধে দেয়নি।
১৭ জুলাই অনুষ্ঠেয় 'ফরেন অফিস কনসালটেশন' শীর্ষক দ্বিপক্ষীয় বৈঠককে সামনে রেখে বৃহস্পতিবার পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন ভারতীয় হাই কমিশনার।
বাংলাদেশ ট্রানজিট ইস্যুটির 'রাজনীতিকরণ' করছে মন্তব্য করে পিনাক বলেন, "এটা মোটেই রাজনৈতিক ইস্যু নয়। অথচ বাংলাদেশে এটি একটি বড় রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। বাকি বিশ্বের দিকে তাকিয়ে দেখুন, এটি পুরোপুরি অর্থনৈতিক ইস্যু।"
'সেভেন সিস্টারস' নামে পরিচিত উত্তর পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যের সঙ্গে সরাসরি যোগাযোগের জন্য ভারত সরকার দীর্ঘদিন ধরে বাংলাদেশের কাছে ট্রানজিট সুবিধা দাবি করে আসছে।
কিন্তু রাজনৈতিকভাবে স্পর্শকাতর বিষয় হওয়ায় অতীতের কোনো সরকারই ভারতকে এ সুবিধা দেয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে হাই কমিশনার জানান, দ্বিপক্ষীয় বৈঠকের আলোচ্যসূচির অন্যতম বিষয় হবে নিরাপত্তা সহযোগিতা। ভারত ও বাংলাদেশে নেটওয়ার্ক রয়েছে এমন সন্ত্রাসীদের মুলোৎপাটনে দুদেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি নিয়ে বৈঠকে আলোচনা হবে।
পিনাক বলেন, "দুই দেশেই এমন কিছু বিষয় রয়েছে যা নিরাপত্তা ব্যবস্থাকে হুমকির মুখে ফেলেছে। বোমা হামলার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। বাংলাদেশ ও ভারতের কিছু সন্ত্রাসী সংগঠনের মধ্যে যোগাযোগ থাকার বিষয়ে তথ্য পাওয়া গেছে।"
এ কারণেই বাংলাদেশ ও ভারতের মধ্যে সহযোগিতা বাড়ানো দরকার বলে মন্তব্য করেন তিনি।
বাংলাদেশের কারাগারে বন্দি অনুপ চেটিয়াকে ফিরিয়ে দেয়ার ভারতীয় দাবি প্রসঙ্গে হাই কমিশনার বলেন, "আপনারা অনুপ চেটিয়ার কথা বলেন। কিন্তু এরকম আরো অনেকেই রয়েছে।"
তিনি বলেন, "কলকাতায় আত্মগোপন করে থাকা কয়েকজন বাংলাদেশীকে স
bdnews24