ঢাকা, জুলাই ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জ, ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও বরগুনায় বুধবার সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছে।
গোপালগঞ্জ শহরের কাছে হরিদাসপুর ব্রিজের পশ্চিম প্রান্তে বিকেলে বনফুল পরিবহনের একটি বাস রাস্তার পাশের খাদে পড়ে গেলে নিহত হয় আট জন। ময়মনসিংহের ভালুকায় বাসের ধাক্কায় পাঁচ টেম্পু আরোহী নিহত হন।
কিশোরগঞ্জ ও বরগুনায় বাসচাপায় নিহত হয়েছেন আরো দু'জন।
এদিকে, জামালপুরের চর লোটাবর এলাকায় দুটি শিক্ষা সফরের বাস দুর্ঘটনায় পড়ে অন্তত ৫০ শিক্ষার্থী আহত হয়েছে। আহতরা সরিষাবাড়ী আর এন সি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী।
আমাদের গোপালগঞ্জ প্রতিনিধি জানান, বুধবার বিকেল পোনে ৫টার দিকে বনফুল পরিবহনের যাত্রীবাহী বাসটি হরিদাসপুর সেতুর পশ্চিম প্রান্তে ঢাকা-খুলনা মহাসড়কের পাশের খাদে উল্টে পড়ে।
দুর্ঘটনায় নিহত আট জনের মধ্যে তিন জনের পরিচয় জানা গেছে। এরা হল- বাগেরহাটের ফকিরহাটের শেখ আলাউদ্দিন (৩২), কুমিল্লার চান্দিনার মহসিন (২৫), টুঙ্গিপাড়ার ডুমরিয়া গ্রামের বিল্লাল (৪)।
আহত ৪৫ যাত্রীকে গোপালগঞ্জ সদর হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত যাত্রী, প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা বনফুল পরিবহনের বাসটি খুলনা যাচ্ছিল। গোপালগঞ্জ শহর থেকে তিন কিলোমিটার দূরে হরিদাসপুর ব্রিজে ওঠার আগে বাসটি সড়কে দাঁড়ানো এক শিশুকে পাশ কাটাতে গিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়ে।
দুঘটনায় ছাদ বাস থেকে আলাদা হয়ে যায়।
প্রত্যক্ষদর্শী মনোয়ারা বেগম ও পথচারী মশিউর রহমান জানান, বিকট শব্দে তারা প্রথমে হতবিহ্বল হয়ে পড়েন। প্রায় আধা ঘণ্টা পর এলাকাবাসী ও পথচারীরা উদ্ধার কাজে নেমে আহত প্রায় ২০ জন যাত্রীকে মুমুর্ষ অবস্থায় গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। পরে পুলিশ, দমকল কর্মী এবং সবশেষে সেনাবাহিনীর একটি দল এসে উদ্ধার তৎপরতায় যোগ দেয়।
আহতদের মধ্যে আবু দাউদ (২৫), মোমিনুর (২৮), এমএ রহিম (৫৭), সালাম (৩০), ফারুক (৩২), আনোয়ার (৩০), দিদারুল (৩৫), শহিদুল (২৮), মনির (২৮), লিপি (৩৪), কাওসার (২৫), জাহিদ (২২), রিপন (২২), রানু বেগম (৩৫), রাসেল (২৩), শফিকুল (২৮), শিল্পীসহ (২০) ৪০ জনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে এবং কানাই (৪০), মোমিনুরসহ (২১) ৫ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ময়মনসিংহ প্রতিনিধি জানান, ভালুকায় বাসের ধাক্কায় নিহত পাঁচ টেম্পু আরোহী মধ্যে তিন জনের পরিচয় জানা গেছে। এরা হলেন- শ্রীপুর উপজেলার কাউরাইদ গ্রামের পারভিন (২০) ও তার স্বামী দুলাল (৪০) এবং ভালুকার কাশর গ্রামের সলিমুদ্দিন (৪৫)।
আহত পাঁচজনকে ভালুকা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভালুকা থানার উপ পরিদর্শক আমির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জামির বিয়া এলাকায় ভালুকা থেকে ঢাকাগামী একটি বাস ভালুকাগামী টেম্পুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই পাঁচ জনের মৃত্যু হয়।
বাস বা চালককে আটক করা যায়নি।
কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, সদর উপজেলার সগড়া এলাকায় দুপুরে বাস চাপায় নুরুল ইসলাম (৫৫) নামে এক রিক্সাচালক নিহত হয়েছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তপন চন্দ্র সাহা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী একটি বাস দুপুর ১টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব সড়কের সগড়া এলাকায় একটি রিক্সাকে চাপা দেয়। এতে রিক্সা চালক নূরুল ইসলাম ঘটনাস্থলে মারা যান।
ওই পুলিশ কর্মকর্তা জানান, বাস বা চালককে আটক করা যায়নি।
বরগুনা প্রতিনিধি জানান, বুধবার বিকেলে কলাপাড়া পটুয়াখালী সড়কের ছুরিকাটা বিদ্যালয়ের সামনে খন্দকার পরিবহনের একটি বাসের চাকায় পিস্ট হয়ে উত্তর টিয়াখালী গ্রামের আবদুস সোবাহান (৭৫) ঘটনাস্থলে নিহত হন।
আমতলী থানার উপ পরিদর্শক শামসুল আলম জানান, সোবাহান বাজার করে বাড়ি ফেরার পথে বাসটি তাকে চাপা দেয়।
জামালপুর প্রতিনিধি জানান, জামালপুরের চর লোটাবর এলাকায় দুটি শিক্ষা সফরের বাস দুর্ঘটনায় পড়লে সরিষাবাড়ী আর এন সি উচ্চ বিদ্যালয়ের অন্তত ৫০ শিক্ষার্থী আহত হয়।
এদের মধ্যে ২০ জনকে সরিষাবাড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
সরিষাবাড়ী হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শফিউদ্দিন জানান, বাস দুটি ১৫০ ছাত্র-ছাত্রী নিয়ে টাঙ্গাইলের মধুপুরে শিক্ষা সফরে যাচ্ছিল। মাদারগঞ্জ-সরিষাবাড়ী সড়কের চর লোটাবর এলাকায় পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা আরেকটি বাসকে জায়গা ছেড়ে দিতে গিয়ে সামনের স্কুল বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এরপর পিছনের স্কুল বাসটি ওই বাসের সঙ্গে ধাক্কা খায়। এতে দুই বাসে থাকা অন্তত ৫০ জন আহত হয়।
হাসপাতালে ভর্তি শিক্ষার্থীরা হলেন- মিরা, রোজিনা, সাথী, রেনুকা, মর্জিনা, আসলাম, মরিয়ম, পপি, মনিকা, চম্পা, মিলি, জনি, ফাহিমা, শহিদা, রুমা, মিশু, ফাতিমা, মিরা, জান্নাত ও বিশ্ব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/টিএইচ/জেকে/এসএনডি/২১০৬ ঘ.
bdnews24