চট্টগ্রাম, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর পতেঙ্গা থানার সিমেন্ট কলোনি এলাকার একটি বাসায় স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট করে পালানোর সময় বুধবার সকালে তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব সদস্যরা।
ডাকাতির সময় দুর্বৃত্তরা গৃহকর্ত্রী আছমা ইসলামকে (২৩) ছূরিকাঘাত করে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো- কাজী শাহরিয়ার (২৩), সানি উদ্দিন অপু (২০) এবং সাঈদ হাসান বাপ্পা (১৮)। তিনজনই নগরীর পতেঙ্গা এলাকার বাসিন্দা।
ডাকাতিতে অংশ নেওয়া মো. একরামুল নামে আরেক দুর্বৃত্ত পালিয়ে যেতে সক্ষম হয়।
র্যাব- ৭ এর স্টাফ অফিসার শেখ শরীফুল ইসলাম জানান, লুট হওয়া ছয় ভরি স্বর্ণালংকার ও নগদ পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে চার দুর্বৃত্ত র্যাব কার্যালয় সংলগ্ন সিমেন্ট কলোনিতে রুবি সিমেন্টের নির্বাহী কর্মকর্তা (ফাইন্যান্স) রফিকুল ইসলামের বাসায় বিয়ের দাওয়াত দেয়ার নাম করে প্রবেশ করে। তারা রফিকুল ইসলামের ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে থাকা ছয় ভরি স্বর্ণালংকার ও নগদ ৫ হাজার টাকা লুট করে। গৃহকর্ত্রী আছমা ইসলাম বাধা দিতে গেলে দুর্বৃত্তরা তাকে ছূরিকাঘাতে আহত করে।
তিনি জানান, ঘটনার পরপরই ফোনে র্যাবকে জানানো হলে স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যাওয়ার সময় পতেঙ্গা এলাকায় র্যাব- ৭ এর কার্যালয়ের প্রধান গেটের সামনে থেকে তিনজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা মালামাল লুটের কথা স্বীকার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/কিউএইচ/এসএনডি/১৯৪৮ ঘ.
bdnews24