২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহে নিহত ৫, জামালপুরে আহত ৫০

ময়মনসিংহের ভালুকায় বুধবার বাসের ধাক্কায় পাঁচ টেম্পু আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো পাঁচজন। এদিকে জামালপুরের চর লোটাবর এলাকায় দুটি শিক্ষা সফরের বাস দুর্ঘটনায় পড়ে অন্তত ৫০ শিক্ষার্থী আহত হয়েছে। আহতরা সরিষাবাড়ী আর এন সি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2008, 12:58 PM

Updated : 26 Aug 2022, 02:05 PM

ঢাকা, জুলাই ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ময়মনসিংহের ভালুকায় বুধবার বাসের ধাক্কায় পাঁচ টেম্পু আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো পাঁচজন। এদিকে জামালপুরের চর লোটাবর এলাকায় দুটি শিক্ষা সফরের বাস দুর্ঘটনায় পড়ে অন্তত ৫০ শিক্ষার্থী আহত হয়েছে। আহতরা সরিষাবাড়ী আর এন সি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী। ময়মনসিংহের ঘটনায় নিহত ৩ জনের পরিচয় জানা গেছে। এরা হলেন- শ্রীপুর উপজেলার কাউরাইদ গ্রামের পারভিন (২০) ও তার স্বামী দুলাল (৪০) এবং ভালুকার কাশর গ্রামের সলিমুদ্দিন (৪৫)। আহত পাঁচজনকে ভালুকা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভালুকা থানার উপ পরিদর্শক আমির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জামির বিয়া এলাকায় ভালুকা থেকে ঢাকাগামী একটি বাস ভালুকাগামী টেম্পুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই পাঁচ জনের মৃত্যু হয়। বাস বা চালককে আটক করা যায়নি। এদিকে জামালপুরের চর লোটাবর এলাকায় দুটি শিক্ষা সফরের বাস দুর্ঘটনায় পড়লে সরিষাবাড়ী আর এন সি উচ্চ বিদ্যালয়ের অন্তত ৫০ শিক্ষার্থী আহত হয়। এদের মধ্যে ২০ জনকে সরিষাবাড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। সরিষাবাড়ী হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শফিউদ্দিন জানান, বাস দুটি ১৫০ ছাত্র-ছাত্রী নিয়ে টাঙ্গাইলের মধুপুরে শিক্ষা সফরে যাচ্ছিল। মাদারগঞ্জ-সরিষাবাড়ী সড়কের চর লোটাবর এলাকায় পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা আরেকটি বাসকে জায়গা ছেড়ে দিতে গিয়ে সামনের স্কুল বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এরপর পিছনের স্কুল বাসটি ওই বাসের সঙ্গে ধাক্কা খায়। এতে দুই বাসে থাকা অন্তত ৫০ জন আহত হয়। হাসপাতালে ভর্তি শিক্ষার্থীরা হলেন- মিরা, রোজিনা, সাথী, রেনুকা, মর্জিনা, আসলাম, মরিয়ম, পপি, মনিকা, চম্পা, মিলি, জনি, ফাহিমা, শহিদা, রুমা, মিশু, ফাতিমা, মিরা, জান্নাত ও বিশ্ব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জেকে/১৮৪৭ ঘ.