২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে 'ক্রসফায়ারে' জনযুদ্ধ কমান্ডার নিহত

হরিণাকুণ্ডু উপজেলার তাহেরহুদা গ্রামে মঙ্গলবার রাতে পুলিশের সঙ্গে কথিত 'ক্রসফায়ারে' পড়ে আফজেল (৪৪) নামে এক চরমপন্থী নেতা নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2008, 06:29 AM

Updated : 26 Aug 2022, 02:06 PM

ঝিনাইদহ, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরিণাকুণ্ডু উপজেলার তাহেরহুদা গ্রামে মঙ্গলবার রাতে পুলিশের সঙ্গে কথিত 'ক্রসফায়ারে' পড়ে আফজেল (৪৪) নামে এক চরমপন্থী নেতা নিহত হয়েছেন। চরমপন্থী সংগঠন জনযুদ্ধ এর আঞ্চলিক কমান্ডার আফজেলকে গ্রেপ্তারের পর তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে গেলে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঝিনাইদহের পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন মাতুববর। মঙ্গলবার বিকেলে হরিণাকুণ্ডু থেকে আফজেলকে গ্রেপ্তার করা হয় জানিয়ে পুলিশ সুপার বলেন, জিজ্ঞাসাবাদে সে তার কাছে থাকা অস্ত্রের সন্ধান দেয়। সুপার বলেন, রাত ১টার দিকে পুলিশ আফজেলকে সঙ্গে নিয়ে অস্ত্র উদ্ধারে বের হলে তাহেরহুদা গ্রামের একটি পান বরজের পাশে এসে সে বরজের ভেতর থেকে একটি রিভলবার বের করে চিৎকার দেয়। এ সময় আগে থেকে লুকিয়ে থাকা চরমপন্থীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশ পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের মধ্যে ১৫-২০ মিনিট গুলি বিনিময় চলে বলে সুপার জানান। চরমপন্থীরা পালিয়ে গেলে পুলিশ ঘটনাস্থল থেকে একটি রিভলবার, একটি এলজি, ৮ রাউন্ড গুলি এবং গুলিবিদ্ধ অবস্থায় আফজেলকে উদ্ধার করে বলে দাবি করেন পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন। আফজেলকে হরিণাকুণ্ডু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে তিনি জানান। সুপার বলেন, "আফজেল চরমপন্থী সংগঠন জনযুদ্ধ'র আঞ্চলিক কমান্ডার। তার বিরুদ্ধে ৬টি হত্যাসহ ৮টি মামলা আছে। অন্য থানা এলাকায় আরো মামলা আছে কি না তার খোঁজ নেওয়া হচ্ছে।" আফজেল তাহেরহুদা গ্রামেরই মনছের আলী মণ্ডলের ছেলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এসকে/১২২১ঘ.