কক্সবাজার, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'এসো বাংলাদেশ গড়ি' স্লোগানে চলমান রোড শো'র গাড়ি বহর এখন কক্সবাজারে। রোড শো উপলক্ষে সমুদ্র সৈকতের বীচ পার্কে বুধবার দিনব্যাপী মেলা হবে।
মঙ্গলবার সকাল ১০টায় রোড শো'র গাড়িবহর কক্সবাজার জেলার উত্তর সীমান্ত এলাকা আজিজনগরে প্রবেশ পৌঁছায়। দুপুর ১টার দিকে গাড়ি বহরটি কক্সবাজার শহরে প্রবেশ করে। শহরের কলাতলী পয়েন্টে রাস্তার দুপাশে দাঁড়িয়ে স্কুল-কলেজ-মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা গাড়িবহরকে স্বাগত জানায়।
এরপর দুপুর দেড়টায় সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে রাখাইন নৃত্য পরিবেশনের মাধ্যমে গাড়িবহরকে স্বাগত জানানো হয়। এসময় জেলা প্রশাসক সাজ্জাদুল হাসান, পুলিশ সুপার বনজ কুমার মজুদার, সেনা কর্মকর্তা লে. কর্নেল আনিসুর রহমান ও কক্সবাজার পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সরওয়ার কামাল গাড়িবহরের দল নেতা পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক নজরুল ইসলামকে ফুল দিয়ে স্বাগত জানান।
জেলা প্রশাসক সাজ্জাদুল হাসান জানান, বুধবার সকাল ৯টা থেকে সমুদ্র সৈকতের বীচ পার্কে 'এসো বাংলাদেশ গড়ি' শিরোনামে মেলা অনুষ্ঠিত হবে। মেলা উদ্বোধন করবেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মুহম্মদ হুমায়ুন কবির।
এছাড়া বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান শফিক আলম মেহেদী ও চট্টগ্রাম বিভাগী কমিশনার হোসাইন জামিন উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে তিনি জানান।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম জানান, সকাল ১০টায় রোড শো'র গাড়িবহর আজিজনগর পৌঁছালে তিনি স্বাগত জানান।
সোমবার রোড শো উপলক্ষে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে মেলা অনুষ্ঠিত হয়। গত ৩০ মে শুরু হয় এই রোড শো।
রোড শো'র গাড়িবহর ইতোমধ্যে পঞ্চগড়, দিনাজপুর, রংপুর, বগুড়া, রাজশাহী, বরিশাল, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, মৌলভীবাজার ও কুমিল্লা ঘুরেছে। কক্সবাজারের টেকনাফ ঘুরে আগামী ১৪ জুলাই রোড শো'র গাড়িবহর ঢাকায় ফিরবে।
সৎ ও যোগ্য নেতৃত্ব সৃষ্টি, দুর্নীতি প্রতিরোধ, সন্ত্রাস ও মাদকমুক্ত দেশ গড়া, খাদ্য সমস্যার সমাধান, পর্যটন শিল্পের বিকাশ ও কর্মসংস্থান বিষয়ে সচেতনতা বাড়াতে এই রোড শো আয়োজন করা হয়েছে। যৌথভাবে রোড শো আয়োজন করেছে- কৃষি, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা, স্বরাষ্ট্র, বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশন, নির্বাচন কমিশন এবং টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৫১ ঘ.
bdnews24