নাটোর, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদা না পেয়ে মুদি ব্যবসায়ীর দোকান লুটপাট ও পুড়িয়ে দেওয়ার অভিযোগে সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নাটোর পৌরসভার চেয়ারম্যান কাজী শাহ আলম ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চুসহ বিএনপির ২২ নেতাকর্মীর বিরুদ্ধে সোমবার নাটোরের নলডাঙ্গা থানায় মামলা হয়েছে।
স্থানীয় ব্যবসায়ী সুবীর চন্দ্র সাহা মামলাটি দায়ের করেন।
মামলায় অভিযোগ করা হয়, ২০০৪ সালের ১০ ফেব্র"য়ারি দুলুর ভাতিজা গামা খুন হওয়ার ঘটনার জের ধরে দুলুর নির্দেশে অন্য আসামিরা বাদির দোকানে গিয়ে দুই লাখ চাঁদা দাবি করে। তারা ক্যাশ বাক্স থেকে ১০ হাজার টাকা নগদ নেয়। বাকি টাকা না পেয়ে আসামিরা দোকানের মালামাল লুট করে ও গান পাউডার দিয়ে দোকান পুড়িয়ে দিয়ে তিন লাখ টাকার ক্ষতি করে।
ওই রাতে আসামিরা বাদির ছেলে সুশান্ত সাহাকে দুলুর গ্রামের বাড়ি রামশাকাজিপুরে ধরে নিয়ে যায়। পরদিন সকালে বাদি এক সপ্তাহের মধ্যে চাঁদা পরিশোধের প্রতিশ্র"তি দিয়ে ছেলেকে ছাড়িয়ে আনেন। এরপর ওই দিনই স্বপরিবারে তারা ভারতে পালিয়ে যান।
সুবীর চন্দ্র সাহা এজাহারে বলেন, আসামিরা অন্য মামলায় গ্রেপ্তার হয়ে সাজা ভোগ করার খবর পেয়ে তারা আবার দেশে ফিরেছেন। ন্যায় বিচার পাওয়ার আশ্বাস পাওয়ায় দেরিতে হলেও তিনি মামলা করছেন।
নাটোরের পুলিশ সুপার (চলতি দায়িত্ব) আশিক সাঈদ মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দেরিতে হলেও ন্যায়বিচার পেতে মামলা হয়েছে। আমরা বাদিকে সহায়তার আশ্বাস দিয়েছি।"
রুহুল কুদ্দুস তালুকদার দুলু দুটি মামলায় ২২ বছর সাজাভোগ করছেন। তার বিরুদ্ধে আরো নয়টি মামরা এখন বিচারাধীন।এছাড়া, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চু চাঁদাবাজির দুটি মামলায় নাটোর কারাগারে আছেন। অন্য আসামিরা পালাতক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/২২৩৭ ঘ.
bdnews24